সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা কবে উদ্যাপিত হবে, রোববার (১৭ মে) সন্ধ্যায় চাঁদ দেখার ওপর ভিত্তি করে তা জানা যাবে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আগেই ঘোষণা করেছে যে, আজ হিজরি ১৪৪৭ সনের ২৯ জিলকদ সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ অনুসন্ধান করা হবে।
গত শুক্রবার সৌদির সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে আজ সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। জিলকদ মাসের ২৯তম দিন আজ যদি সৌদির আকাশে চাঁদ দেখা যায়, তবে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। আর আজ চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদুল আজহা একদিন পিছিয়ে ২৮ মে উদযাপিত হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী আগামীকাল সোমবার জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে আগামী ২৭ মে বুধবার সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা পালিত হতে পারে। উল্লেখ্য, জিলহজ মাসের ১০ম দিনে ঈদুল আজহা এবং তার আগের দিন (৯ জিলহজ) পবিত্র আরাফাত দিবস বা হজের দিন পালিত হয়।