'দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারে অজুহাত নয়'

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:৫৭ পিএম

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থান অব্যাহত রাখার জন্য কোনো ধরনের অজুহাত তৈরি হতে দেওয়া যাবে না। তিনি মনে করেন, এ বিষয়ে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া গেলে চলমান আলোচনা ও সমঝোতা প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি আসতে পারে।

বাবদা প্রেসিডেন্সিয়াল প্রাসাদে ফ্রান্সের প্রেসিডেন্টের বিশেষ দূত  জ্যঁ-ইভ ল্য দ্রিয়ান-এর সঙ্গে বৈঠককালে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, আউন জোর দিয়ে উল্লেখ করেছেন যে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে, এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয়। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে নেওয়া প্রতিটি ইতিবাচক উদ্যোগ চলমান আলোচনায় সহায়ক ভূমিকা রাখবে।

আউন যুদ্ধবিরতি সুসংহত করতে ফ্রান্সসহ বিভিন্ন বন্ধুপ্রতিম ও ভ্রাতৃপ্রতিম দেশের সহায়তাকে স্বাগত জানান। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।

অন্যদিকে ফরাসি দূত জ্যঁ-ইভ ল্য দ্রিয়ান লেবাননের প্রতি ফ্রান্সের সমর্থন, সংহতি এবং দেশটির পরিস্থিতির প্রতি প্যারিসের গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দুই পক্ষের আলোচনায় যুদ্ধবিরতি কার্যকর রাখা, দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং রাজনৈতিক সমাধানের পথ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন