২৪ ঘণ্টায় তিন ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৮:২৫ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে তিনটি পৃথক হামলা চালিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত একাধিক বিবৃতিতে সংগঠনটি জানায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে তারা উপকূলীয় শহর টাইরের পূর্বাঞ্চলে লিতানি নদীর কাছাকাছি ওয়াদি আল-হুজাইর এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালায়।

এর কয়েক ঘণ্টা পর, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এবং বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় দক্ষিণ লেবাননের সীমান্তসংলগ্ন হাদ্দাথা এলাকার উপকণ্ঠে অবস্থানরত ইসরায়েলি সামরিক যানবাহন ও সেনাসমাবেশ লক্ষ্য করে আরও দুটি গোলাবর্ষণ চালানোর দাবি করে হিজবুল্লাহ।

সংগঠনটির দাবি অনুযায়ী, এসব হামলা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণের পর পরিচালিত হয়েছে।

তবে হামলাগুলোর ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত