নতুন হিজরি বছরকে স্বাগত জানাতে প্রস্তুত পবিত্র কাবা শরিফ। সোমবার (১৫ জুন) রাতেই সম্পন্ন হবে শতাব্দীপ্রাচীন কিসওয়া পরিবর্তনের আনুষ্ঠানিকতা। নতুন গিলাফে সজ্জিত হয়ে ১৪৪৮ হিজরি বছরকে বরণ করবে ইসলামের পবিত্রতম এই স্থান।
প্রতি বছরের মতো এবারও খাঁটি রেশম, সোনালি ও রুপালি সূচিকর্মে তৈরি নতুন কিসওয়া পরানো হবে কাবা শরিফে। কয়েক মাসের প্রস্তুতি, দক্ষ কারিগরদের নিবিড় শ্রম এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই গিলাফ মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে কাবাকে নতুন রূপে আবৃত করবে।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, নতুন হিজরি বছরের প্রথম দিন উপলক্ষে কিসওয়া পরিবর্তনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইসলামের ইতিহাসে দীর্ঘদিন ধরে চলে আসা এই ঐতিহ্য মুসলিম বিশ্বের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
কিসওয়া তৈরির কাজ হয় মক্কার কিং আবদুল আজিজ কমপ্লেক্সে। সেখানে খাঁটি প্রাকৃতিক রেশমের ওপর সোনালি ও রুপালি সুতা দিয়ে পবিত্র কোরআনের আয়াত এবং নান্দনিক ইসলামি অলংকরণ সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
কিসওয়া পরিবর্তনের রাতে বিশেষ কারিগরি ও প্রকৌশল দল পুরো কার্যক্রম পরিচালনা করে। প্রথমে পুরোনো গিলাফের অলংকৃত অংশগুলো খুলে ফেলা হয়। এরপর ধাপে ধাপে কাবা শরিফের চার পাশে নতুন কিসওয়া স্থাপন করা হয়। একই সঙ্গে স্থাপন করা হয় সূচিকর্ম করা বেল্ট, কাবার দরজার পর্দা এবং অন্যান্য অলংকরণ।
শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, কিসওয়া পরিবর্তন মুসলমানদের ধর্মীয় অনুভূতি, ঐতিহ্য ও কাবা শরিফের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। প্রতি বছর মুহাররমের সূচনায় অনুষ্ঠিত এই আয়োজন মুসলিম বিশ্বের কোটি মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
নতুন কিসওয়ায় সজ্জিত কাবা শরিফের মধ্য দিয়েই শুরু হবে ১৪৪৮ হিজরি বছরের পথচলা। এটি যেমন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্য, তেমনি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এক অনন্য আধ্যাত্মিক উত্তরাধিকারেরও প্রতিফলন। সূত্র: সৌদি গেজেট
বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো পবিত্র মক্কা
হঠাৎ মক্কা-মদিনা থেকে সরানো হচ্ছে ইরানি ওমরাহ যাত্রী
সৌদিতে বন্যা, রেড অ্যালার্ট জারি মক্কা-মদিনায়