ইসরায়েলি হামলায় লেবানিজ পরিবেশবিদ মোনা খলিল নিহত

আপডেট : ২০ জুন ২০২৬, ০৬:২২ পিএম
দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন খ্যাতনামা সামুদ্রিক পরিবেশবিদ ও কাছিম সংরক্ষণকর্মী মোনা খলিল। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
প্রতিবেদন অনুযায়ী, টাইর শহরের কাছে নিজের বাসায় ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন মোনা খলিল। পরে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মোনা খলিল দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননের উপকূলে বিপন্ন সামুদ্রিক কাছিম সংরক্ষণে কাজ করছিলেন। তার উদ্যোগে গড়ে ওঠা উপকূলীয় সংরক্ষণ প্রকল্পটি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি পায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, হামলায় তার সহকারীও আহত হয়েছেন। তবে তার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিবেশবাদী সংগঠনগুলো এই ঘটনাকে লেবাননের প্রাকৃতিক ঐতিহ্য ও পরিবেশ আন্দোলনের জন্য এক বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।
মোনা খলিলের কাজ শুধু পরিবেশ সংরক্ষণেই সীমাবদ্ধ ছিল না, বরং যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকায় প্রকৃতি রক্ষার এক প্রতীকী আন্দোলনেও পরিণত হয়েছিল।
এই ঘটনার পর দক্ষিণ লেবাননে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকরা বলছেন, যুদ্ধের মধ্যেও বেসামরিক ও পরিবেশগত ক্ষতির পরিধি ক্রমেই বাড়ছে। সূত্র: আলজাজিরা
AS
আরও পড়ুন