সমঝোতা নিয়ে হামাস নেতার সঙ্গে আরাঘচির ফোনালাপ

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৪:১২ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি এবং গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে হামাসের এক শীর্ষ নেতার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

হামাসের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে আরাঘচি ও হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

বিবৃতি অনুযায়ী, নাইম যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের অন্তর্বর্তী সমঝোতাকে স্বাগত জানান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত চাপ ও আগ্রাসনের মুখে তেহরানের অবস্থানের প্রশংসা করেন। তিনি ইরানের ‘অটল অবস্থান’-এর জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

অন্যদিকে আরাঘচি ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এবং মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে ইরান গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের বিষয়গুলোও উত্থাপন করে আসছে।

এই আলাপচারিতা এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন একদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগ এগোচ্ছে, অন্যদিকে গাজা উপত্যকা-কে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সমীকরণে ইরানের কূটনৈতিক তৎপরতা এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের অবস্থান নতুন করে আলোচনায় উঠে এসেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন