ইরানের হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে: জিসিসি

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৬:৩২ পিএম

বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ। সংস্থাটি বলছে, এসব হামলা শুধু দুই দেশের সার্বভৌমত্বেরই লঙ্ঘন নয়, বরং মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকেও সরাসরি বাধাগ্রস্ত করছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি এক বিবৃতিতে হামলাগুলোকে বাহরাইন ও কুয়েতের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। 

তাঁর মতে, এই হামলা দুই দেশের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।

রিয়াদভিত্তিক জোটটির প্রকাশিত বিবৃতিতে আলবুদাইবি বলেন, ইরানের এই হামলাগুলো প্রমাণ করে যে, তেহরান এখনো এমন নীতিই অনুসরণ করছে, যার উদ্দেশ্য আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে নিরাপত্তা, শান্তি প্রতিষ্ঠা এবং চলমান সংকটের সমাধানের প্রচেষ্টাকে ব্যাহত করা।

ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জিসিসির এই কড়া প্রতিক্রিয়া উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ এবং আঞ্চলিক উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কাকেই সামনে এনে দিল। সূত্র: ডন

AS
আরও পড়ুন