হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে এ জলপথে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে ‘চূর্ণবিচূর্ণ জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।
আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে ইরানি বাহিনী হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করছে এবং ধীরে ধীরে নৌ চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে এবং ইরানের অনুমোদন পাওয়া জাহাজগুলোর জন্য এই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালি কিংবা ইরানের ভূখণ্ডে বিদেশি শক্তির কোনো অধিকার বা দাবি নেই। এ এলাকায় কোনো ধরনের হস্তক্ষেপ করা হলে তার জবাবে কঠোর ও ‘চূর্ণবিচূর্ণ’ প্রতিক্রিয়া জানানো হবে।
তবে বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে ভিন্ন চিত্র উঠে এসেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ৮ জুলাই হরমুজ প্রণালি দিয়ে মাত্র ২৩টি কার্গো জাহাজ ও তেলবাহী ট্যাংকার চলাচল করেছে। অথচ ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর আগে যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্রের (জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার) হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১৩৮টি জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করত।
বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ ঘিরে যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে অনিশ্চয়তাও বাড়ছে। সূত্র: বিবিসি
বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে মার্কিন হামলা
খামেনির দাফনের আগেই মাশহাদে বিমান হামলা
'ট্রাম্পের কাছ থেকে রাজনীতি শেখার প্রয়োজন নেই'