জাতীয় ঐক্যই বিজয়ের শর্ত: গালিবাফ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের চলমান হামলার প্রেক্ষাপটে দেশের জনগণের প্রতি জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে জাতীয় সংহতি কেবল একটি নৈতিক বা সামাজিক আহ্বান নয়, বরং শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং বিজয় অর্জনের জন্য এটি একটি অপরিহার্য জাতীয় দায়িত্ব।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় গালিবাফ বলেন, ‘পবিত্র জাতীয় ঐক্যের ওপর জোর দেওয়া শুধু নৈতিক বা সামাজিক সুপারিশ নয়, এটি শত্রুর বিরুদ্ধে সংগ্রামের ময়দানে বিজয় নিশ্চিত করার জন্য একটি অপরিহার্য শর্ত।’

তিনি ইঙ্গিত দেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের মধ্যে বিভাজনের কোনো সুযোগ নেই এবং ঐক্যবদ্ধ অবস্থানই সবচেয়ে বড় শক্তি।

ইরানি পার্লামেন্ট স্পিকার আরও বলেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুসরণ করা ধর্মীয় ও জাতীয় উভয় দায়িত্বের মধ্যেই পড়ে। তার ভাষায়, জাতীয় প্রতিরোধের এই সময় এবং রাষ্ট্র পরিচালনার এই কঠিন মুহূর্তে সর্বোচ্চ নেতার নির্দেশনা মেনে চলাকে নিজেদের ঐতিহাসিক দায়িত্ব হিসেবে বিবেচনা করা উচিত।

তিনি জোর দিয়ে বলেন, জাতীয় প্রতিরোধকে সফল করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে জনগণের ঐক্য, সংহতি ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন