হুতিদের হুমকি, সৌদির পাশে থাকার বার্তা ইসলামাবাদের

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে সৌদি আরবকে সংঘাতে জড়ানোর যেকোনো প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। একই সঙ্গে লোহিত সাগরে নৌ অবরোধ চলাকালে সৌদি আরব এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে ইয়েমেনের হুতিদের দেওয়া হুমকিকে তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।

বুধবার (২২ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরবের বিরুদ্ধে এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হুতি গোষ্ঠীর অব্যাহত হুমকি গ্রহণযোগ্য নয়। ইসলামাবাদ এসব হুমকিকে দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হুমকি আঞ্চলিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। পাশাপাশি আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, আন্তর্জাতিক সামুদ্রিক শৃঙ্খলাকে চ্যালেঞ্জ করছে এবং বৈশ্বিক বাণিজ্যের নিরবচ্ছিন্ন প্রবাহকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

পাকিস্তান আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে সৌদি আরবকে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ইসলামাবাদ সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি আরব দীর্ঘদিনের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক বহু বছরের। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন