মার্কিন হামলায় যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারে ইরানের নিন্দা

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় ব্রিটিশ ঘাঁটি ও সামরিক স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়ায় যুক্তরাজ্যের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহরের প্রকাশিত এক বিবৃতিতে তেহরান এ পদক্ষেপকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ও সামরিক অবকাঠামো ব্যবহারের সুযোগ দেওয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসী সামরিক কর্মকাণ্ডে অংশগ্রহণের শামিল হতে পারে।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সহায়তা করা আগ্রাসন এবং যুদ্ধাপরাধে সহযোগিতার সমতুল্য। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য আগ্রাসনের নিন্দা না জানিয়ে বরং হামলাকারীদের পক্ষ নিয়েছে বলেও অভিযোগ করেছে ইরান।

একই বিবৃতিতে ইরান অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গও তুলে ধরে। বিশেষ করে ১৯৫৩ সালে ইরানে সংঘটিত অভ্যুত্থানে যুক্তরাজ্যের ভূমিকার উল্লেখ করে দেশটি দাবি করেছে, লন্ডনের বর্তমান অবস্থান সেই অতীত নীতিরই ধারাবাহিকতা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, দেশটি নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।

পাশাপাশি ইরান সতর্ক করে দিয়েছে, তাদের বিরুদ্ধে পরিচালিত যেকোনো হামলায় যে দেশ সহায়তা করবে বা সহযোগিতা দেবে, তাকে সেই সিদ্ধান্তের পরিণতি বহন করতে হবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত