ইরানকে ‘ভেনেজুয়েলা’ বানানোর চেষ্টা ব্যর্থ: পেজেশকিয়ান

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

ইরানকে ভেনেজুয়েলার মতো পরিণতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেছেন, প্রতিকূলতার মধ্যেও ইরান এমন এক শক্তিতে পরিণত হয়েছে, যার প্রতিরোধ, সংহতি ও ঐক্য বিশ্বকে বিস্মিত করেছে।

রোববার (২৩ আগস্ট)  এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, শত্রুরা ধারণা করেছিল চাপ ও সামরিক তৎপরতার মুখে ইরান ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে তা হয়নি। বরং ইরানি জনগণের প্রতিরোধ ও ঐক্য দেশটিকে আরও দৃঢ় অবস্থানে নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ইরানের জনগণ এমন কিছু করে দেখিয়েছে, যা ছিল সত্যিই অসাধারণ। এত চাপের মধ্যেও দেশটি কীভাবে টিকে আছে, তা অনেক বিশ্লেষকের কাছেই সহজে ব্যাখ্যা করার মতো নয়।

এর আগে পেজেশকিয়ান বলেছিলেন, ইরান বর্তমানে পূর্ণমাত্রার অর্থনৈতিক, সামরিক ও নিরাপত্তা যুদ্ধের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকির মধ্যেই তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, নানা সংকটের মধ্যেও সরকার জনগণের জীবনযাত্রা ও কল্যাণ উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পানি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, পরিবেশ ও ব্যাংকিং ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সংকট রয়েছে বলেও তিনি স্বীকার করেন।

তবে এসব চাপের মধ্যেও ইরানের জনগণ যে প্রতিরোধ ও ঐক্যের পরিচয় দিয়েছে, সেটিকেই দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে তুলে ধরেন তিনি।

পেজেশকিয়ানের ভাষ্য, ইরানকে ভেঙে ফেলার যে পরিকল্পনা করা হয়েছিল, তা সফল হয়নি; বরং দেশটি প্রতিরোধ, সংহতি ও ঐক্যের মাধ্যমে এমন এক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে, যা বিশ্বকে বিস্মিত করেছে। সূত্র: ডন

AS
আরও পড়ুন