শিশু হত্যায় ইউনিসেফের নীরবতায় তেহরানের ক্ষোভ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

ইরানের সাম্প্রতিক যুদ্ধ ও হামলায় শিশুদের হতাহতের ঘটনায় ইউনিসেফের নীরবতার তীব্র সমালোচনা করেছে তেহরান। জাতিসংঘে ইরানের প্রতিনিধি ইউনিসেফের নির্বাহী বোর্ডের এক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানি শিশুদের প্রাণহানির বিষয়ে সংস্থাটির নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে গভীর হতাশা প্রকাশ করেছে। তেহরানের অভিযোগ, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা ইউনিসেফের মৌলিক দায়িত্ব হলেও সাম্প্রতিক হামলায় ইরানি শিশুদের প্রাণহানির ঘটনায় সংস্থাটি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে না।

ইরানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও সংঘাতে দেশটির বেসামরিক জনগোষ্ঠীর পাশাপাশি শিশুরাও গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছে তেহরান।

ইরানি প্রতিনিধিরা অভিযোগ করেছেন, শক্তিশালী দেশগুলোর স্বার্থ জড়িত থাকলে জাতিসংঘের বিভিন্ন সংস্থা শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় নিন্দা জানাতে দ্বিধা করে। তাদের মতে, এমন দ্বৈতনীতি জাতিসংঘের সংস্থাগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলছে।

তেহরান আরও বলেছে, যুদ্ধ ও সংঘাতের মধ্যে শিশুদের ওপর হামলা যেখানেই ঘটুক, তা গুরুতর মানবিক সংকট হিসেবে বিবেচিত হওয়া উচিত। শিশুদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সংস্থাগুলোর অবস্থান কোনো দেশের রাজনৈতিক বা ভূরাজনৈতিক স্বার্থের ওপর নির্ভর করা উচিত নয় বলেও মন্তব্য করেছে ইরান।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন