শত্রুপক্ষের কথিত সব ক্ষতিকর লক্ষ্য অর্জনে ব্যর্থতাকে ইসলামী ইরানের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেছেন দেশটির সেনাবাহিনীর সমন্বয়বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি।
শনিবার (৫ সেপ্টেম্বর) তেহরানে সেনাবাহিনীর জেনারেল স্টাফে আয়োজিত এক অনুষ্ঠানে সিনিয়র কমান্ডার ও কর্মকর্তাদের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইয়ারি বলেন, বর্তমান যুদ্ধ মূলত ইচ্ছাশক্তি ও কঠিন পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতার লড়াই। এ ক্ষেত্রে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী অত্যন্ত সফল হয়েছে। তার দাবি, সর্বাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামে সজ্জিত শত্রুর বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে ইরানের সশস্ত্র বাহিনীই সুবিধাজনক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের সেনাবাহিনী নিজেদের সক্ষমতার ওপর দাঁড়িয়ে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। এর মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব সর্বোত্তমভাবে পালন করেছে।
ইরানের সেনাবাহিনীর প্রধান দায়িত্ব হিসেবে জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং ইসলামী বিপ্লবের মূল্যবোধ সমুন্নত রাখার কথা তুলে ধরেন সাইয়ারি।
তিনি আরও বলেন, ইরান এমন একটি দেশের বিরুদ্ধে লড়াই করেছে, যার হাতে বিশ্বের প্রয়োজনীয় প্রায় সব ধরনের সামরিক প্রযুক্তি ও অস্ত্র রয়েছে। তারপরও এই যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রায় সব লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক অস্ত্র ও সরঞ্জামে সজ্জিত শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারাকে ইরানের জন্য গর্বের বিষয় বলেও উল্লেখ করেন রিয়ার অ্যাডমিরাল সাইয়ারি। সূত্র: ডন
ইরানের তেলবাহী জাহাজে হামলা: সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা
ইরানিদের ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের
'যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব মোকাবিলা করেও টিকে আছে ইরান'