'হরমুজ নিয়ে ইরান-ওমান সমঝোতা প্রায় চূড়ান্ত'

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য অস্থায়ী নিরাপদ রুট নির্ধারণে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানের সংবাদ সংস্থা ইসনার বরাতে তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যেই দুই দেশের মধ্যে এ বিষয়ে সমঝোতা চূড়ান্ত করে আন্তর্জাতিক নৌ সংস্থায় নিবন্ধনের জন্য জমা দেওয়া হতে পারে।

বাঘাই আশা প্রকাশ করেন, প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো পক্ষ নতুন করে বাধা সৃষ্টি করবে না।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমান কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে আসছে। এর আগে দুই দেশ প্রণালিতে একটি অস্থায়ী যৌথ নৌপথ চালুর বিষয়ে কাঠামোগত সমঝোতার কথা জানিয়েছিল।

এদিকে, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক হামলা এবং বাণিজ্যিক জাহাজকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় গুরুত্বপূর্ণ এই নৌপথে পণ্যবাহী জাহাজের দৈনিক চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

এর মধ্যেই ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির জন্য নতুন আন্তর্জাতিক নৌপথের মানচিত্রও শিগগির অনুমোদন করা হবে। প্রস্তাবিত এই পথ ইরান ও ওমানের জলসীমার মধ্য দিয়ে যাবে এবং এর ব্যবস্থাপনায় ইরানের ভূমিকা থাকবে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। সূত্র: ডন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত