যুক্তরাষ্ট্রের অবরোধে হরমুজে ১০০ জাহাজের পথ পরিবর্তন

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে গত ৬০ দিনে ১০০টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের বিরুদ্ধে ‘স্টিল ওয়াল অবরোধ’ আবার কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই অবরোধ অতিক্রম করতে পারেনি বলেও দাবি করেছে তারা। সেন্টকম আরও জানিয়েছে, মার্কিন সেনারা অভিযানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করছে।

এদিকে চলতি সপ্তাহে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মাত্র সাতটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। আগের দিন এ সংখ্যা ছিল ১১টি, আর গত ১০ দিনের গড় ছিল ১৫টি জাহাজ।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের আরোপিত বিধিনিষেধের কারণে প্রণালিটি অনেকাংশে বন্ধ রয়েছে।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর সাময়িকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছিল। তবে নতুন করে সামরিক উত্তেজনা বাড়লে আবারও প্রণালিটি বন্ধ হয়ে যায়।

তেহরানের দাবি, হরমুজ প্রণালি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, প্রণালিটি ‘খোলা ও সচল’ আছে।

এএম
আরও পড়ুন