জার্মান চ্যান্সেলরের মন্তব্যকে 'বিকৃত বয়ান' বললেন বাঘাই

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎসের বক্তব্যকে ভণ্ডামি ও জেনেশুনে বিকৃত বয়ান হিসেবে আখ্যায়িত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্ৎসের ইরানের কথিত যুদ্ধ, সামরিক পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি বাহিনী নিয়ে মন্তব্যের তীব্র সমালোচনা করেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বক্তব্যে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করেছে, ইরান নয়। তার দাবি, এই আগ্রাসনের নিন্দা জানানোর ন্যূনতম নৈতিক সাহসও জার্মানি দেখাতে পারেনি। ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এবং দায়বদ্ধতা তুলে ধরতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একসঙ্গে বোঝাতে বিশেষ একটি শব্দও ব্যবহার করেন।

ইরানের আঞ্চলিক মিত্র ও প্রতিরোধ আন্দোলনগুলোকে পশ্চিমা দেশগুলোর ‘প্রক্সি’ হিসেবে অভিহিত করার বিষয়টিও প্রত্যাখ্যান করেন বাঘাই। তিনি বলেন, এসব গোষ্ঠী স্বাধীনভাবে নিজেদের লক্ষ্য ও হিসাব অনুযায়ী কাজ করে। দখলদারত্ব, আগ্রাসন ও অধীনতার বিরুদ্ধে আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা ও মর্যাদার জন্য তারা লড়াই করছে বলেও দাবি করেন তিনি।

ইরানের কোনো সামরিক পরমাণু কর্মসূচি নেই বলেও পুনর্ব্যক্ত করেন বাঘাই। তার ভাষায়, এ ধরনের অভিযোগ ইসরায়েলের তৈরি একটি ‘বড় মিথ্যা’, যা ইউরোপের বিভিন্ন রাজধানীতে ইসরায়েলের সমর্থকেরা যুদ্ধের কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে বারবার প্রচার করে।

জার্মানির পররাষ্ট্রনীতির ঐতিহাসিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন ইরানি এই কর্মকর্তা। তার অভিযোগ, জার্মানির নীতিতে এক ধরনের অপরাধবোধ কাজ করছে, যার কারণে দেশটি শক্তিশালী পক্ষগুলোর প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখাচ্ছে এবং যুদ্ধাপরাধকে কার্যত সক্ষম করে তুলছে।

বাঘাই বলেন, জার্মানির এই অপরাধবোধ বা শক্তিশালী পক্ষের প্রতি আপসের অভ্যাসের মূল্য মধ্যপ্রাচ্যকে দিতে হবে না। তার দাবি, জার্মানি একদিকে বিতর্কিত কর্মকাণ্ডে অর্থ ও সমর্থন জোগাবে, অন্যদিকে নিজেকে শান্তির পক্ষের দেশ ও নৈতিক শিক্ষাদাতা হিসেবে উপস্থাপন করতে পারে না।

মার্ৎস সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে প্রকাশ্যে সমর্থন করে ধারাবাহিক বক্তব্য দেওয়ার পর তেহরান থেকে এই প্রতিক্রিয়া এলো। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন