কানাডায় ইহুদি উপাসনালয়ের কাছে গুলিতে পুলিশ কর্মকর্তা আহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

কানাডার অন্টারিও প্রদেশে ইহুদিদের পবিত্র ধর্মীয় দিন ইয়ম কিপুর উপলক্ষে উপাসনালয়ে লোকজন জড়ো হওয়ার সময় গুলির ঘটনায় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেলভিল শহরের সন্স অব জ্যাকব সিনাগগের কাছে এক সশস্ত্র ব্যক্তির সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের সময় ওই কর্মকর্তা আহত হন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

অন্টারিওর বিশেষ তদন্ত ইউনিট জানিয়েছে, ঘটনার পর এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা জীবনসংশয়াপন্ন বলে জানানো হয়েছে। গুলির ঘটনায় আহত পুলিশ কর্মকর্তাকেও হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ওই কর্মকর্তা বা হাসপাতালে থাকা ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

বেলভিল শহরটি টরন্টো থেকে প্রায় ১১৫ মাইল উত্তর-পূর্বে অবস্থিত। সন্স অব জ্যাকব সিনাগগটি বেলিকার অ্যাভিনিউ ও ভিক্টোরিয়া অ্যাভিনিউয়ের সংযোগস্থলের কাছে। পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ওই এলাকায় এক পুলিশ কর্মকর্তা এক ব্যক্তির মুখোমুখি হন। এরপরই গুলির ঘটনা ঘটে।

সন্স অব জ্যাকব সিনাগগের সভাপতি নর্ম ওয়েডাম সিএনএন-কে বলেন, ওই পুলিশ কর্মকর্তা সেদিন উপাসনালয়ে আসা লোকজনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি চিহ্নবিহীন গাড়িতে কাছাকাছি অবস্থান করছিলেন। সশস্ত্র ব্যক্তি উপাসনালয়ের দিকে এগিয়ে আসার সময় ওই কর্মকর্তা তার সঙ্গে যোগাযোগ করেন বলে ওয়েডামের ভাষ্য।

গুলির শব্দ শোনার পর উপাসনালয়ের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওয়েডাম জানান, প্রথমে কয়েকটি শব্দ শোনা গেলেও পরে আবার পরপর গুলির শব্দ আসে। তখন তিনি এবং অন্যরা দ্রুত সবাইকে মূল প্রার্থনাকক্ষে নিয়ে যান এবং দরজা বন্ধ করে সবাইকে নিচু হয়ে থাকার নির্দেশ দেন।

তার ভাষ্য অনুযায়ী, গুলির শব্দ চলতে থাকার সময় উপাসনালয়ের ভেতরে থাকা লোকজন মেঝেতে শুয়ে বা নিচু হয়ে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করেন। কেউ কেউ জরুরি সেবা নম্বরে ফোন করেন। গুলির সময় উপাসনালয়ের রঙিন কাচের জানালা দিয়ে গুলি ঢুকে ভেতরে ছড়িয়ে পড়ে।

ওয়েডাম বলেন, গুলির শব্দ তাদের কাছে প্রায় ১০ মিনিট ধরে চলেছে বলে মনে হলেও বাস্তবে তা কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। তার দাবি, উপাসনালয়ের জানালায় ২০টির বেশি গুলির চিহ্ন দেখা গেছে।

ঘটনার একটি ভিডিও সিএনএন যাচাই করে দেখেছে। ভিডিওতে উপাসনালয়ের কাছাকাছি একটি এলাকায় পুলিশের সাইরেন এবং একাধিক গুলির শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতেও উপাসনালয়ের জানালায় গুলির চিহ্ন দেখা গেছে।

তবে উপাসনালয়ের ভেতরে থাকা কোনো ব্যক্তি গুলিতে আহত হননি বলে জানিয়েছেন ওয়েডাম। ঘটনার পর ওই দিনের ইয়ম কিপুরের সব ধর্মীয় অনুষ্ঠান বাতিল করা হয়।

গুলির ঘটনা কেন ঘটেছে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। হামলাকারীর উদ্দেশ্য বা ঘটনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল কি না, সে বিষয়েও পুলিশ এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানায়নি। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

গুলির শব্দ থেমে যাওয়ার পর ওয়েডাম উপাসনালয়ের বাইরে বেরিয়ে এসে সেখানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দেখতে পান। আহত পুলিশ কর্মকর্তার পাশে কয়েকজন কর্মকর্তা চিকিৎসার ব্যবস্থা করছিলেন। একই সময়ে আরেকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান।

ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উপাসনালয়ে প্রবেশের সুযোগ পাওয়া যাবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে এমন ঘটনায় আতঙ্কিত হলেও ধর্মীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন ওয়েডাম।

তিনি বলেন, তারা সবাই ঘটনার কারণে মর্মাহত। তবে এতে তাদের ধর্মীয় কার্যক্রম থেমে থাকবে না। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আবারও উপাসনালয়ে ফিরে এসে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান শুরু করবেন।

নিরাপত্তা জোরদারের ঘোষণা

ঘটনার পর কানাডার বিভিন্ন এলাকায় উপাসনালয় ও ধর্মীয় জমায়েতের নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্কতা দেখা দিয়েছে। টরন্টোর উত্তরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করা ইয়র্ক আঞ্চলিক পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার পর উপাসনালয়সহ মানুষের ধর্মীয় জমায়েতের স্থানগুলোতে টহল বাড়ানো হবে। এসব এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতিও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

বেলভিলের মেয়র নিল এলিস এই ঘটনাকে স্থানীয় সম্প্রদায়ের জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলভিল এমন ঘটনার জন্য পরিচিত নয় এবং এই ঘটনায় স্থানীয় মানুষ গভীরভাবে বিচলিত হয়েছেন।

তিনি বলেন, বেলভিল একটি শক্তিশালী ও প্রাণবন্ত সম্প্রদায়। সবাই একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি আহত পুলিশ কর্মকর্তা এবং দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা সব জরুরি সেবাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।

ফোর্ড বলেন, বেলভিল এবং পুরো অন্টারিওর ইহুদি সম্প্রদায়ের নিরাপদে ও ভয়মুক্ত পরিবেশে ধর্মীয় উপাসনা করার অধিকার রয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিভরও ঘটনাটির নিন্দা জানিয়েছেন। তিনি কানাডায় ইহুদিবিদ্বেষী সহিংসতা বন্ধ করার আহ্বান জানান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ দাবি করেন।

এদিকে গুলির ঘটনার পর বেলভিলের সন্স অব জ্যাকব সিনাগগের আশপাশে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনার কারণ, গুলিতে জড়িত ব্যক্তির পরিচয় এবং তার উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য দেওয়ার কথা রয়েছে। সূত্র: সিএনএন

এএস
আরও পড়ুন