যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানাবেন পেজেশকিয়ান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম

বিশ্বজুড়ে আস্থা ফিরিয়ে আনা এবং যুদ্ধ ও রক্তপাত বন্ধে কাজ করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আস্থার ভিত্তিতে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশন বিশ্বে পারস্পরিক বিশ্বাস ফিরিয়ে আনা এবং যুদ্ধ বন্ধের পথে কাজ করবে বলে তিনি আশা করেন।

পেজেশকিয়ান বলেন, বিশ্বের মানুষ যেন মধ্যপ্রাচ্যজুড়ে চলমান নিপীড়ন ও অন্যায়ের বিষয়গুলো উপলব্ধি করতে পারে, সেটিই তিনি আশা করছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে এসব বিষয় তুলে ধরার কথাও জানান তিনি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, মিনাব ও লামার্দের ইরানি শিশুদের ওপর নিপীড়নের বিষয়টি তিনি তুলে ধরবেন। একই সঙ্গে এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের নৃশংসতার কথাও বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন বলে জানান তিনি।

পেজেশকিয়ান বলেন, মানুষ এমন কাজ করতে পারে না। এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং তা অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার তেহরান থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন। অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন এবং নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরবেন।

সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পেজেশকিয়ান। এসব বৈঠকে ইরানের সরকারি অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আমেরিকান বুদ্ধিজীবী ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ইরানি প্রেসিডেন্টের।  সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন