ফিনল্যান্ডে সিঙ্গেলদের ফ্রিতে ডেটিংয়ের সুযোগ, আবেদন করবেন যেভাবে

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

ডেটিংয়ের নতুন অভিজ্ঞতার পাশাপাশি বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড। দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’ ১৬ জন অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিকে বিনা খরচে চার দিনের ভ্রমণে নেওয়ার উদ্যোগ নিয়েছে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত ব্যক্তিরা ফিনল্যান্ডের হেলসিঙ্কি অথবা ট্যাম্পেরেতে ঘুরবেন, স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন এবং দেশটির খাবার ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন।

‘ফিনিশ ডিনার ডেট’ নামের এই আয়োজনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে কমপক্ষে ১৮ বছর বয়সী এবং সিঙ্গেল হতে হবে। ফিনল্যান্ডের নাগরিক ও দেশটিতে বসবাসকারীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

যা থাকছে বিনা খরচের ভ্রমণে

আয়োজকদের ঘোষণা অনুযায়ী, মোট ১৬ জনকে বাছাই করা হবে। তাঁদের মধ্যে আটজন যাবেন হেলসিঙ্কিতে, বাকি আটজন ট্যাম্পেরেতে। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে চার দিনের এই ভ্রমণ আয়োজন করা হবে।

নির্বাচিত ব্যক্তিদের যাতায়াত, আবাসন, খাবার এবং নির্ধারিত কার্যক্রমের খরচ বহন করবে আয়োজকরা। ভ্রমণসূচিতে থাকবে দর্শনীয় স্থান ঘোরা, সনা ও বিভিন্ন সাংস্কৃতিক এবং খাবারবিষয়ক আয়োজন।

এই ভ্রমণের বিশেষ আকর্ষণ হবে স্থানীয় সিঙ্গেলদের সঙ্গে গ্রুপ ডিনার। প্রতিটি আয়োজনে আটজন আন্তর্জাতিক অতিথির সঙ্গে থাকবেন স্থানীয় দুইজন সিঙ্গেল। ফিনল্যান্ডের পরিচিত শেফদের তৈরি বিশেষ খাবারের স্বাদ নেওয়ার সুযোগও পাবেন তাঁরা।

তবে এটি একান্ত ব্যক্তিগত ডেটিং বা ম্যাচমেকিং কার্যক্রম নয়। বরং একসঙ্গে খাবার খাওয়া, পরিচিত হওয়া এবং ফিনল্যান্ডের খাদ্যসংস্কৃতি তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। এখানে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার কোনো নিশ্চয়তা দিচ্ছে না আয়োজকরা।

যেভাবে আবেদন করবেন

আবেদনের জন্য আগ্রহীদের ইংরেজিতে একটি ভিডিও তৈরি করতে হবে। ভিডিওতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে—‘ডেটিংয়ের নৈশভোজে আপনি কী খাবার পরিবেশন করবেন এবং কেন?’

ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে পোস্ট করতে হবে। সঙ্গে ব্যবহার করতে হবে #FinnishDinnerDate হ্যাশট্যাগ।

ইনস্টাগ্রামে পোস্ট করলে @ourfinland অ্যাকাউন্ট ট্যাগ করতে হবে।

টিকটকে @visitfinland.com ট্যাগ করতে হবে।

ইউটিউবে @VisitFinland ট্যাগ করতে হবে।

ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও পোস্ট করলে অ্যাকাউন্টটি পাবলিক রাখতে হবে। তবে ইউটিউবে ভিডিওটি ‘আনলিস্টেড’ হিসেবেও আপলোড করা যাবে। এতে ভিডিওটি সবার সামনে প্রকাশ না করেও লিংকের মাধ্যমে আবেদন করা সম্ভব।

ভিডিও পোস্ট করার পর ভিজিট ফিনল্যান্ডের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। সেখানে ভিডিওর লিংক যুক্ত করতে হবে। সৃজনশীলতা, নিজস্বতা এবং প্রশ্নের ব্যক্তিগত ও আকর্ষণীয় উত্তরের ভিত্তিতে আবেদনগুলো মূল্যায়ন করা হবে।

আবেদনের শেষ সময় ও ফল ঘোষণা

ভিজিট ফিনল্যান্ডের ওয়েবসাইট অনুযায়ী, আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিটে আবেদন গ্রহণ বন্ধ হবে। বাংলাদেশ সময় একই দিন বিকেল ৩টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

নির্বাচিত ১৬ জনকে ব্যক্তিগতভাবে জানানো হবে। আগামী ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টে বিজয়ীদের নাম প্রকাশের কথা রয়েছে।

কোথায় আবেদন করবেন

আগ্রহীরা ভিজিট ফিনল্যান্ডের আনুষ্ঠানিক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ও বিস্তারিত নির্দেশনা: https://www.visitfinland.com/en/have-some-finnish/

আবেদন ফরম: https://www.visitfinland.com/en/have-some-finnish/apply-dinner-date/

ফিনল্যান্ডের পর্যটন সংস্থার এ উদ্যোগের লক্ষ্য শুধু ডেটিংয়ের সুযোগ তৈরি করা নয়; দেশটির খাবার, সংস্কৃতি ও পর্যটনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও পরিচিত করে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত