ইরান ধ্বংস বা নিশ্চিহ্ন করার স্বপ্নই যুক্তরাষ্ট্র দেখতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, শক্তি ও দৃঢ়তার মাধ্যমে ইরানি জনগণ সব বাধা ও সংকট অতিক্রম করবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের ২৪৬টি প্রকল্প অনলাইনে উদ্বোধনের সময় এসব কথা বলেন পেজেশকিয়ান। প্রকল্পগুলোতে ৩৫ ট্রিলিয়ন তুমান বিনিয়োগ করা হয়েছে এবং এর মাধ্যমে প্রায় ৩ হাজার ২০০ কর্মসংস্থান সৃষ্টি হবে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক ও পর্যটনভিত্তিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক, পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করা প্রয়োজন। এ ধরনের সম্পর্ক ইরানকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
পর্যটন ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সুযোগগুলো সর্বোচ্চ কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞাকে আঞ্চলিক সম্পর্ক সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগে পরিণত করতে হবে।
পেজেশকিয়ান বলেন, আমাদের প্রতিবেশীরা একটি গুরুত্বপূর্ণ সক্ষমতা। তাদের সঙ্গে ব্যাপক ও সমন্বিত যোগাযোগ বাড়ানো দেশের সেবা ও উন্নয়নের জন্য নতুন পথ তৈরি করতে পারে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং সফরকালে তার কূটনৈতিক তৎপরতার প্রসঙ্গ তুলে ধরেন পেজেশকিয়ান। এ সময় ইরান ধ্বংসের হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন বলে নিন্দা জানান তিনি।
ইরানের প্রেসিডেন্ট মানবাধিকার এবং আন্তর্জাতিক ও মানবিক আইনের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গিরও সমালোচনা করেন। তিনি বলেন, ইরানি জনগণকে নিশ্চিহ্ন করার হুমকি দেওয়া হলে ট্রাম্পের কাছে এসব নীতি ও মূল্যবোধ অর্থহীন হয়ে পড়ে।
পেজেশকিয়ান বলেন, ইরানি জনগণ সংকট ও নানা ধরনের বিধিনিষেধের মধ্য দিয়েও গর্বের সঙ্গে এগিয়ে যাবে এবং উৎপাদন ও দেশের উন্নয়নে নিজেদের অবদান অব্যাহত রাখবে।
তিনি বলেন, আমেরিকা ইরানকে নিশ্চিহ্ন করা, ধ্বংস করা এবং উৎখাতের স্বপ্নই দেখতে পারে। তবে ইরানি জনগণ শক্তি ও দৃঢ়তার সঙ্গে কাজ করছে এবং সব বাধা অতিক্রম করবে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
সৌদিতে ফ্রান্সের সামরিক সহায়তা 'সম্পূর্ণ প্রতিরক্ষামূলক': পররাষ্ট্রমন্ত্রী
আলী খামেনি হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য: সের্গেই ল্যাভরভ
বিপুল বাজেটের ২৪৬ পর্যটন প্রকল্প উদ্বোধন পেজেশকিয়ানের