প্রতিরোধ ফ্রন্টের পাশে থাকবে ইরান: জেনারেল আবদোল্লাহি

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম

অধিকৃত আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর পরিচালিত আল-আকসা প্লাবন অভিযানের বার্ষিকী উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ও খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার আবদোল্লাহি বলেন, ৭ অক্টোবরের ওই অভিযান প্রতিরোধ ফ্রন্টের শত্রুদের হিসাব-নিকাশকে ব্যাহত করেছে এবং ইসরায়েলি ব্যবস্থার মধ্যে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।

তিনি বলেন, আল-আকসা প্লাবন অভিযান ফিলিস্তিনি জনগণ ও তাদের ভূমির ন্যায্য প্রতিরক্ষার জন্য প্রতিরোধ ফ্রন্টের কৌশলকে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থানে রূপান্তরে সহায়তা করেছে। একই সঙ্গে এটি ইসরায়েলি শাসনব্যবস্থার পতনের প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে বলেও দাবি করেন তিনি।

ইরানের এই শীর্ষ সামরিক কমান্ডার বলেন, ইসলামী উম্মাহর শত্রুদের, বিশেষ করে ইসরায়েলি শাসনব্যবস্থাকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিরোধ ফ্রন্টের শহীদদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ অব্যাহত থাকবে। এ আত্মত্যাগ শেষ পর্যন্ত দখলদার শাসনব্যবস্থার অবসান ঘটাবে বলেও মন্তব্য করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি প্রতিরোধ ফ্রন্টের শহীদদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানি, হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ এবং হামাসের নেতাদের ইসমাইল হানিয়ে ও ইয়াহইয়া সিনওয়ারের নাম উল্লেখ করেন।

আবদোল্লাহি আরও বলেন, শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনির ফিলিস্তিনের পবিত্র লক্ষ্য ও প্রতিরোধ ফ্রন্টের প্রতিরক্ষার বিষয়ে দেওয়া নির্দেশনা অব্যাহত থাকবে। অধিকৃত আল-কুদস মুক্ত না হওয়া পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন