ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনোই ছাড়বে না ইরান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কখনোই ছাড়বে না ইরান। যুদ্ধ অবসানে কোনো চুক্তির অংশ হিসেবে তেহরানের সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানোর মার্কিন দাবির জবাবে বুধবার (৭ অক্টোবর) এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এ অবস্থান জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করা তেহরানের জন্য একটি লাল রেখা। ইরান কখনোই এই অধিকার ছেড়ে দেবে না। তবে পরবর্তী সময়ে সমৃদ্ধকরণের বিস্তারিত বিষয় ও এর মাত্রা নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হয়নি। ভ্যান্স সম্প্রতি যেসব ধারণার কথা বলেছেন, সেগুলো যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রস্তাব ও দাবি বলেও উল্লেখ করেন তিনি।

ইরানি ওই কর্মকর্তা আরও বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে তেহরানের নির্ধারিত শর্তগুলো পূরণ করতে হবে। বর্তমানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে, সেগুলো তেহরানের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ভ্যান্স বলেছিলেন, যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করতে হলে ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা না করলে ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন কেন, এ প্রশ্নও তোলেন তিনি।

ভ্যান্স আরও বলেন, তেহরানের কাছ থেকে শুধু আশ্বাস নয়, যুক্তরাষ্ট্র চায় বাস্তব ও সুনির্দিষ্ট পদক্ষেপ। এর বিপরীতে ইরানি কর্মকর্তা স্পষ্ট করে দিয়েছেন, সমৃদ্ধকরণের অধিকার স্বীকার না করা পর্যন্ত এ বিষয়ে তেহরানের অবস্থান পরিবর্তনের সুযোগ নেই। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত