ইয়েমেনে হুথিদের সঙ্গে সংঘর্ষে সরকারি বাহিনীর ৮ সেনা নিহত

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ এএম

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় লাহিজ প্রদেশে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর আট সেনা নিহত হয়েছেন। সরকারি বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তুর আল-বাহাহ সামরিক কমান্ড জানায়, আল-মাকাতিরা ফ্রন্টে লড়াইয়ের সময় নিহত হন ওই সেনারা। তবে সংঘর্ষের সময়, পরিস্থিতি কিংবা কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এদিকে, এ ঘটনার পর দক্ষিণাঞ্চলীয় তায়েজ প্রদেশের আল-আকুরুদ এলাকায় ১২ জন হুথি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইয়েমেনের সরকারি বাহিনী। তবে এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইয়েমেনে সংঘাত আরও তীব্র

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে তায়েজ ও লাহিজসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে সংঘর্ষ বেড়েছে। দুই পক্ষই বিভিন্ন সামরিক অভিযানে প্রতিপক্ষের হতাহতের দাবি করছে।

গত কয়েক দিনে তায়েজের বিভিন্ন ফ্রন্টে লড়াইয়ের খবর পাওয়া গেছে। ১৬ অক্টোবর সরকারি বাহিনী তায়েজের আল-আকুরুদ-কাহলান ফ্রন্টে হুতিদের ড্রোন পরিচালনাকারী একটি দলকে আটক করার দাবিও করেছিল। 

ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা সংঘাতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুতি গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। সাম্প্রতিক সামরিক উত্তেজনায় দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত