পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো যাচ্ছেন পেজেশকিয়ান

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ সফরের কথা জানিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, গত সপ্তাহে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আতিথ্য দিয়েছেন। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ অগ্রগতি এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরাঘচির ভাষ্য অনুযায়ী, আলোচনায় রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, যৌথ চুক্তিগুলোর বাস্তবায়ন এবং ইরান-রাশিয়ার সার্বিক কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। পাশাপাশি অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে দুই দেশের মধ্যে নিয়মিত পরামর্শ অব্যাহত রাখার ওপর জোর দেন তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চলতি সপ্তাহে মস্কোয় দুই দেশের প্রেসিডেন্টের অংশগ্রহণে এসব বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে। এর আগে গত ১৯ অক্টোবর সোমবার তেহরানে বৈঠক করেন আরাঘচি ও ল্যাভরভ। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি 

এএস
আরও পড়ুন