ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভের ডাক

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

ইসরায়েলে ইহুদি ও আরব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে নতুন সরকার গঠনের দাবিতে শনিবার (৩১ অক্টোবর) রাতে দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হচ্ছে। মঙ্গলবারের (২৭ অক্টোবর) নির্বাচনে পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া সংখ্যাগরিষ্ঠ জনগণের রায়কে সরকার গঠনের প্রক্রিয়ায় প্রতিফলিত করার দাবি জানিয়েছেন আয়োজকেরা।

‘স্ট্যান্ডিং টুগেদার’ নামের সংগঠনের উদ্যোগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, বেয়ারশেবা, হাইফা ও তাইবেতে এসব সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের ভাষ্য, ইহুদি-আরব অংশীদারত্বের ভিত্তিতে সরকার গঠনের দাবিতে এসব কর্মসূচি পালন করা হবে। তাদের বক্তব্য, ‘পরিবর্তনের পক্ষে ভোট দেওয়া ইহুদি-আরব সংখ্যাগরিষ্ঠের প্রতিফলন পরবর্তী সরকারেও থাকতে হবে। আরব ভোটের মূল্য ইহুদি ভোটের সমান। দেশের ভবিষ্যৎ নির্ধারণে আরব নাগরিকদেরও পূর্ণ অংশীদার হতে হবে।’

মঙ্গলবারের নির্বাচনে বিরোধী জোট ৬৭টি আসন পেয়েছে, আর ক্ষমতাসীন জোট পেয়েছে ৫৩টি আসন। তবে বিরোধী জোটের ৬৭ আসনের মধ্যে ৪৮টি আসন ইহুদি-জায়নবাদী দলগুলোর এবং ১৯টি আসন আরব নেতৃত্বাধীন অ-জায়নবাদী দলগুলোর। ইহুদি বিরোধী দলগুলোর অধিকাংশ নেতাই অতীতে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে সহযোগিতার বিষয়ে আপত্তি জানিয়েছেন।

ইহুদি-জায়নবাদী চারটি দল হলো গাদি আইজেনকটের ইয়াশার, নাফতালি বেনেটের বি'ইয়াহাদ, ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু। অন্যদিকে আরব নেতৃত্বাধীন দল দুটি হলো ইউসেফ জাবারিনের জয়েন্ট লিস্ট এবং মনসুর আব্বাসের রা'আম।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে দ্য ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান আশাবাদ প্রকাশ করেন, আরব দলগুলোর সমর্থন নিয়ে পরিবর্তনপন্থী জোট সরকার গঠন করতে পারবে। তবে আভিগদর লিবারম্যান প্রকাশ্যে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিরোধিতা করেছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকে নিয়ে কোনো ঐক্য সরকার গঠনের সম্ভাবনাও নাকচ করেছেন গোলান। তার মতে, বিরোধী দলগুলোকে সরকার গঠন করতে হবে। তবে ১২০ সদস্যের নেসেটে জায়নবাদী বিরোধী দলগুলোর আসন মাত্র ৪৮টি। রা'আমের ৮টি আসনসহ তাদের সংখ্যা দাঁড়ায় ৫৬-তে; জয়েন্ট লিস্টের রয়েছে আরও ১১টি আসন।

গোলান জানান, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি ইয়াশার নেতা গাদি আইজেনকট, বি'ইয়াহাদের দ্বিতীয় শীর্ষ নেতা ইয়াইর লাপিদ এবং রা'আম প্রধান মনসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। তার ভাষ্য, সরকার গঠনের বিষয়ে তিনজনকেই দৃঢ়প্রতিজ্ঞ মনে হয়েছে।

তবে লিবারম্যান শুক্রবার (৩০ অক্টোবর) আবারও জানিয়েছেন, তার দল পরবর্তী নেসেটে আরব নেতৃত্বাধীন কোনো দলের সঙ্গে জোট সরকারে যোগ দেবে না। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের সমর্থকদের সঙ্গে বসব না!’ রা'আম ও জয়েন্ট লিস্টের কয়েকজন আইনপ্রণেতার বক্তব্য ও কর্মকাণ্ডের উল্লেখ করে তিনি এ অবস্থান জানান। নেতানিয়াহুর সঙ্গেও সরকার গঠনে যাবেন না বলে আগেই জানিয়েছিলেন লিবারম্যান।

এবারের নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে পরবর্তী সরকার গঠনে আরব-প্রধান দলগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর না করার বিষয়ে ইহুদি বিরোধী দলগুলোর দীর্ঘদিনের অবস্থান নতুন পরীক্ষার মুখে পড়েছে।

নেতানিয়াহুর দল সবচেয়ে বড় দল হলেও তার পক্ষে বিদ্যমান উগ্র ডানপন্থী ও অতি-অর্থোডক্স মিত্রদের বাইরে সমর্থন বাড়িয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের স্পষ্ট পথ দেখা যাচ্ছে না।

দীর্ঘদিন ধরেই নেতানিয়াহু আরব আইনপ্রণেতাদের রাজনৈতিক অংশীদার হিসেবে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেছেন। এর ফলে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশের প্রতিনিধিরা সরকার পরিচালনার বাইরে থেকেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নেতানিয়াহু নিজেও ইসলামপন্থী রা'আম দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা করেছেন বলে বিভিন্ন সময়ে খবর প্রকাশিত হয়েছে।

রা'আম প্রধান মনসুর আব্বাস বুধবার (২৮ অক্টোবর) জানিয়েছেন, নেতানিয়াহুর জোটের সদস্যদের সঙ্গেও তার দলের যোগাযোগ রয়েছে। চ্যানেল ১২-কে তিনি বলেন, শুধু পরিবর্তনপন্থী জোট নয়, সবাই তাদের সঙ্গে কথা বলছে।

২০২১ সালে ইসরায়েলি সরকারে যোগ দেওয়া প্রথম আরব-প্রধান দল হয়ে ওঠে রা'আম। এরপর থেকে দলটিকে ইহুদি ভোটার ও সম্ভাব্য জোটসঙ্গীদের কাছে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টা করছেন আব্বাস। এর অংশ হিসেবে সাবেক ইয়েশ আতিদ আইনপ্রণেতা ও উপ-জননিরাপত্তামন্ত্রী ইয়োভ সেগালোভিৎসকে দলের দ্বিতীয় শীর্ষ প্রার্থী করেন তিনি।

অন্যদিকে, জয়েন্ট লিস্ট বুধবার নেতানিয়াহুবিরোধী বিকল্প সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়েছে। দলটির নেতা ইউসেফ জাবারিন বলেছেন, নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে তারা নতুন সংসদীয় শক্তি কাজে লাগাবেন।

সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান মোশে ইয়ালোনও শুক্রবার (৩০ অক্টোবর) ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোকে রা'আমের সঙ্গে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দলটির প্রধান মনসুর আব্বাসকে মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন তিনি।

ইয়ালোন রা'আম প্রধান আব্বাসের কর্মকাণ্ডের সঙ্গে উগ্র ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির ও বেজালেল স্মোট্রিচের কর্মকাণ্ডের তুলনা করেন। তার দাবি, বেন-গাভির অতীতে হেবরন এলাকায় ঘৃণা, উসকানি ও সহিংসতা ছড়িয়েছেন এবং ইহুদি সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের অভিযোগসহ আটটি পৃথক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। স্মোট্রিচকে নিয়েও অতীতে একটি সন্দেহভাজন নাশকতার পরিকল্পনার প্রসঙ্গ তোলেন তিনি।

ইয়ালোন বলেন, মনসুর আব্বাস ইহুদি নন, তবে তিনি আশা করেন, অধিকাংশ ইসরায়েলি নাগরিকের মূল্যবোধ উগ্র জাতীয়তাবাদী ও বর্ণবাদী রাজনীতির চেয়ে আব্বাসের মূল্যবোধের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে। সূত্র: টাইমস অব ইসরায়েল

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত