বিদেশি শক্তির জবরদস্তির কাছে ইরান মাথা নত করবে না এবং কোনো দেশের চাপিয়ে দেওয়া দাবি মেনে নেবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার তেহরানে পর্তুগাল, সুইজারল্যান্ড, তুরস্ক ও নাইজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠকে এসব কথা বলেন তিনি। রাষ্ট্রদূতেরা এ সময় ইরানের প্রেসিডেন্টের কাছে তাঁদের পরিচয়পত্র পেশ করেন। বুধবার প্রকাশিত মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পর্তুগালের রাষ্ট্রদূত ওয়াল্টিয়ার মাতিয়াসের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান ইরান ও দেশটির জনগণ সম্পর্কে পশ্চিমা গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের সমালোচনা করেন। তাঁর দাবি, পশ্চিমা গণমাধ্যমে ইরান সম্পর্কে প্রকাশিত অনেক তথ্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ সময় তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অঞ্চলটির বিজ্ঞানী, স্কুলশিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন। পেজেশকিয়ান বলেন, যারা নিজেদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে বলে দাবি করে, তারাই এসব অপরাধে জড়িত। এটি বর্তমান বিশ্বের একটি তিক্ত বাস্তবতা।
ইরানি প্রেসিডেন্ট বলেন, তেহরান শান্তি, স্থিতিশীলতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা রাখতে চায়। তবে কোনো ধরনের চাপ বা শক্তি প্রয়োগের কাছে নতি স্বীকার করবে না।
তিনি বলেন, ‘আমরা শক্তির কাছে মাথা নত করব না। আন্তর্জাতিক আইন ও বিধিবিধানের কাঠামোর মধ্যেই নিজেদের অধিকার রক্ষা করব। এই কাঠামোর বাইরে কোনো দেশ ইরানি জাতির ওপর কোনো দাবি চাপিয়ে দিতে পারে না।’
দেশগুলোর পারস্পরিক সম্পর্ক অধিকার, ন্যায়বিচার ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হলে যুদ্ধ এড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
সূত্র: মেহর নিউজ এজেন্সি (এমএনএ)।
কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার সিনেটে একসঙ্গে তিন কৃষ্ণাঙ্গ নারী