সুদানের গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) সহায়তা দিতে সোমালিয়ার ভূখণ্ড ব্যবহার করে প্রায় ৬ হাজার কলম্বীয় ভাড়াটে যোদ্ধা পাঠানোর অভিযোগ উঠেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের অভিযোগ, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পুন্টল্যান্ডের বসাও বন্দর ও বিমানবন্দরকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে এসব যোদ্ধাকে সুদানে পাঠিয়েছে আবুধাবি।
গত ২৪ নভেম্বর সোমালিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সোমালি ন্যাশনাল টেলিভিশনে (এসএনটিভি) প্রচারিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ অভিযোগ সামনে আসে। প্রতিবেদনে অননুমোদিত বিমান চলাচল, বিদেশি নাগরিকদের যাতায়াত এবং বসাওয়ে আমিরাত-সংশ্লিষ্ট সামরিক স্থাপনার তথ্য তুলে ধরা হয়েছে। তবে ৬ হাজার যোদ্ধা পাঠানোর দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এসএনটিভির অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, কলম্বীয় নাগরিকদের সাধারণ যাত্রীর ছদ্মবেশে যাত্রীবাহী বিমানে করে বসাও বিমানবন্দরে আনা হতো। তাঁদের সঙ্গে সামরিক সরঞ্জাম বা পরিচয়চিহ্ন থাকত না। বিমানবন্দরে নামার পর বাসে করে তাঁদের শহরের একটি আমিরাত পরিচালিত সামরিক স্থাপনায় নিয়ে যাওয়া হতো। এর মাধ্যমে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের অভিবাসন ও শুল্কসংক্রান্ত নজরদারি এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদনে সোমালিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ২০২৫ সালে কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ৬৬৮টি বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করে। এ ছাড়া ২০২৪ সালে বসাও বিমানবন্দরে ৩০১টি অননুমোদিত ফ্লাইট পরিচালিত হওয়ার তথ্য পাওয়া গেছে।
সোমালিয়ার কর্মকর্তাদের দাবি, এসব বিমানের মাধ্যমে বিদেশি যোদ্ধা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন করা হয়েছে। বসাও থেকে তাঁদের চাদ, লিবিয়া ও সুদানের দারফুর অঞ্চলে পাঠানো হয়। সেখানে তাঁরা সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত আরএসএফকে সহায়তা দিয়েছেন বলে অভিযোগ।
সুদানের সংঘাতে কলম্বীয় সাবেক সেনাসদস্যদের অংশগ্রহণের বিষয়টি এর আগেও আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের প্রতিবেদন এবং মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) অনুসন্ধানে আমিরাত-সংশ্লিষ্ট নিরাপত্তা প্রতিষ্ঠানের মাধ্যমে কলম্বীয় সামরিক ঠিকাদার নিয়োগ, প্রশিক্ষণ ও সুদানে পাঠানোর তথ্য পাওয়া গেছে।
এইচআরডব্লিউর ২০২৬ সালের মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আবুধাবিভিত্তিক গ্লোবাল সিকিউরিটি সার্ভিসেস গ্রুপ নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে কলম্বীয় যোদ্ধাদের নিয়োগ ও সুদানে পাঠানোর যোগসূত্র রয়েছে। তাঁদের কয়েকজনকে সংযুক্ত আরব আমিরাতের সামরিক স্থাপনায় প্রশিক্ষণ দেওয়ার তথ্যও পেয়েছে সংস্থাটি। পরে এসব যোদ্ধার কয়েকজন সুদানের দারফুর অঞ্চলে আরএসএফের পক্ষে লড়াই করেছেন বলে তদন্তে উঠে আসে।
জাতিসংঘের ২০২৬ সালের একটি অনুসন্ধানী প্রতিবেদনে সুদানে পাঠানো কলম্বীয় ঠিকাদারের সংখ্যা ৩৫০ থেকে ২ হাজারের মধ্যে বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বাসযোগ্য স্বাধীন সূত্রের ভিত্তিতে মোট সংখ্যা প্রায় ২ হাজারে পৌঁছাতে পারে বলে ধারণা দিয়েছে জাতিসংঘের তদন্তকারীরা। ফলে সোমালিয়ার সাম্প্রতিক অভিযোগে উল্লেখ করা ৬ হাজারের সংখ্যা এখনো স্বাধীনভাবে প্রতিষ্ঠিত নয়।
সুদানের সংঘাতে কোনো পক্ষকে সামরিক সহায়তা দেওয়া কিংবা ভাড়াটে যোদ্ধা পাঠানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির বক্তব্য, সোমালিয়াসহ ওই অঞ্চলে তাদের কর্মকাণ্ডের মূল লক্ষ্য সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা ও সন্ত্রাসবাদ দমন।
এদিকে সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে পুন্টল্যান্ডের আঞ্চলিক প্রশাসনও। ২৮ নভেম্বর পুন্টল্যান্ডের প্রেসিডেন্সিবিষয়ক প্রতিমন্ত্রী আবদিফাতাহ মোহামেদ আবদিনুর এসব অভিযোগকে ‘প্রোপাগান্ডা’ বলে আখ্যা দেন। তাঁর দাবি, পুন্টল্যান্ডের নিরাপত্তা স্থাপনাগুলো বিদেশি যোদ্ধাদের নয়, নিজস্ব নিরাপত্তা বাহিনীই পরিচালনা করে। তবে আমিরাতের সঙ্গে পুন্টল্যান্ডের নিরাপত্তা ও বন্দরসংক্রান্ত সহযোগিতার বিষয়টি তিনি অস্বীকার করেননি।
নতুন এই অভিযোগে সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার কূটনৈতিক বিরোধ আরও তীব্র হয়েছে। সোমালিয়ার কেন্দ্রীয় সরকার অভিযোগ করছে, দেশটির কেন্দ্রীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আঞ্চলিক প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সামরিক সহযোগিতার মাধ্যমে আমিরাত সোমালিয়ার সার্বভৌমত্ব ক্ষুণ্ন করছে।
চলতি বছরের ১২ জানুয়ারি সোমালিয়া আমিরাতের সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসংক্রান্ত চুক্তি বাতিলের ঘোষণা দেয়। বসাও, বেরবেরা ও কিসমায়ো বন্দরের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তিও এর আওতায় আসে।
অন্যদিকে, পুন্টল্যান্ডের প্রশাসন আমিরাতের সঙ্গে তাদের দীর্ঘদিনের সহযোগিতার কথা স্বীকার করেছে। ফলে বসাও বন্দর ও বিমানবন্দরকে কেন্দ্র করে দুই দেশের বিরোধ এখন শুধু সুদানের যুদ্ধেই সীমাবদ্ধ নেই; সোমালিয়ার অভ্যন্তরীণ ক্ষমতা, আঞ্চলিক কর্তৃত্ব ও সার্বভৌমত্বের প্রশ্নেও নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
সূত্র: ডাওয়ান আফ্রিকা
ক্ষমতার পালাবদল নয়, রাষ্ট্রের সংস্কার চেয়েছে মানুষ: ডা. শফিকুর
ইসরায়েলে ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ
রিয়াদ লক্ষ্য করে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, প্রতিহত করার দাবি সৌদি জোটের