ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বোমাবর্ষণ তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত দুইদিনে উপত্যকাটিতে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ১৭৬ জনে পৌঁছেছে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা শহরের জেইতুন শহরতলিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আর অন্যরা মধ্য ও দক্ষিণ গাজায় নিহত হন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে সেখানে সর্বশেষ আংশিকভাবে পরিচালিত হাসপাতালগুলোর একটিতে বোমা হামলার ফলে জরুরি বিভাগের ডাক্তার, নার্স এবং প্রশাসনিক কর্মীদের মধ্যে ১২ জন আহত হয়েছেন।
তবে এ অভিযোগ প্রত্যাখান করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা কামাল আদওয়ান হাসপাতালের এলাকায় হামলার বিষয়ে অবগত নয়।

