গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৪ পিএম

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। ইতোমধ্যে গাজার বেশ কয়েকটি এলাকা থেকে সেনা ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

শুক্রবার (১০ অক্টোবর) থেকে ইসরায়েল-গাজা সীমান্তের ‘ইয়েলো লাইন’ ক্রসিং দিয়ে সেনাদের ফিরিয়ে আনা শুরু হয়। শনিবার পর্যন্ত সেনা প্রত্যাহার হয়েছে গাজার মধ্যাঞ্চলীয় শেজাইয়া, আল তুফাহ, জেইতুন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের পূর্ব ও দক্ষিণ অংশ থেকে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনা প্রত্যাহার করা হবে।

সেনা প্রত্যাহারের পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ নিজ বাসভূমিতে ফিরে আসা শুরু করেছেন। উপত্যকার সিভিল ডিফেন্স সংস্থার তথ্যমতে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত প্রায় ৫ লাখ ফিলিস্তিনি গাজা সিটিতে ফিরে এসেছেন। তবে এলাকাটি এতটাই বিধ্বস্ত যে, বহু মানুষ ধ্বংসস্তূপের মধ্যে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে একাধিক বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরবর্তীতে, গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প।

এই প্রস্তাবের আলোকে ৬ অক্টোবর মিশরের শারম আল-শেখে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়।

টানা তিন দিন আলোচনার পর বুধবার (৮ অক্টোবর) রাতে যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয় দুই পক্ষ। এরই ধারাবাহিকতায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসরায়েলি সরকার, এবং সেনা প্রত্যাহার শুরু করে আইডিএফ।

DR
আরও পড়ুন