সুপার বোলের হাফটাইম শো-তে পুয়ের্তো রিকান গায়ক ব্যাড বানির (Bad Bunny) পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শো-কে ‘ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম’ ও ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে তিনি বলেন, এটি আমেরিকার মহানুভবতার ওপর একটি বড় আঘাত।
স্থানীয় সময় রোববার (৮ ফেব্রুয়ারি) সুপার বোল চলাকালীন ফ্লোরিডার এক ওয়াচ পার্টিতে অংশ নেন ট্রাম্প। সেখান থেকেই নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “সুপার বোল হাফটাইম শো একেবারেই ভয়াবহ! এর কোনো মানে হয় না। এটি আমেরিকার মহত্ত্বের জন্য একটি অপমান এবং আমাদের সাফল্য, সৃজনশীলতা বা শ্রেষ্ঠত্বের মানদণ্ডকে প্রতিনিধিত্ব করে না।”
ব্যাড বানি স্প্যানিশ ভাষায় গান গাওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প আরও বলেন, “এই লোক কী বলছে তা কেউ এক শব্দও বুঝতে পারছে না। আর নাচের ধরনগুলো ছিল জঘন্য, বিশেষ করে আমেরিকা ও সারা বিশ্বের যেসব ছোট শিশুরা এই অনুষ্ঠান দেখছিল, তাদের জন্য এটি অত্যন্ত দৃষ্টিকটু।”
নিজের পোস্টের এক পর্যায়ে দেশের অর্থনীতির প্রসঙ্গ টেনে ট্রাম্প দাবি করেন, তার সময় শেয়ার বাজার এবং ৪০১(কে) (পেনশন স্কিম) ইতিহাসের সেরা অবস্থায় রয়েছে, অথচ এই শো দেশের মুখে ‘চপেটাঘাত’ ছাড়া আর কিছুই নয়।
তিনি একে একটি ‘অগোছালো শো’ হিসেবে বর্ণনা করে ‘ফেক নিউজ মিডিয়া’কেও কটাক্ষ করেন। ট্রাম্পের মতে, সংবাদমাধ্যমগুলো এই শো-র প্রশংসা করবে কারণ বাস্তব জগত সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।
এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প এনএফএল-এর (NFL) নতুন ‘কিকঅফ রুল’ বা নিয়ম নিয়েও বিরক্তি প্রকাশ করেন এবং তা অবিলম্বে পরিবর্তনের দাবি জানান। সবশেষে নিজের চিরচেনা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) স্লোগান দিয়ে পোস্টটি শেষ করেন তিনি।
উল্লেখ্য, ব্যাড বানি দীর্ঘদিন ধরে আমেরিকার ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর সমালোচনা করে আসছিলেন, যা নিয়ে ট্রাম্প আগে থেকেই তার ওপর অসন্তুষ্ট ছিলেন। তবে ট্রাম্পের এমন কড়া সমালোচনার বিপরীতে ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা স্টেডিয়ামে উপস্থিত দর্শক এবং সোশ্যাল মিডিয়ায় সাধারণ ভক্তরা ব্যাড বানির পারফরম্যান্সের শৈল্পিক দিকটির ব্যাপক প্রশংসা করেছেন।
বিনোদন যখন হয়ে ওঠে প্রতিবাদের ভাষা
যুক্তরাষ্ট্রকে আমরা ভয় পাই না: ইরানি পররাষ্ট্রমন্ত্রীে
