নতুন মহাপরিচালক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিবিসিকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি ব্রিটিশ গণমাধ্যমটিকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আখ্যা দেন এবং তার বক্তব্য বিকৃত করার অভিযোগ তোলেন।
ওয়াশিংটনে রিপাবলিকানদের এক ডিনারে ট্রাম্প দাবি করেন, বিবিসি তার মুখে এমন কথা বসিয়েছে যা তিনি কখনো বলেননি। তার ভাষায়, সংবাদটি ছিল ‘ভুয়া’ এবং ইচ্ছাকৃতভাবে তার বক্তব্য পরিবর্তন করা হয়েছে।
এই মন্তব্যের দিনই বিবিসির নতুন প্রধান হিসেবে সাবেক প্রযুক্তি নির্বাহী ম্যাট ব্রিটিনের নাম ঘোষণা করা হয়। দায়িত্ব নেওয়ার শুরুতেই তাকে এই বিতর্কের মুখোমুখি হতে হচ্ছে।
২০২৪ সালে প্রচারিত একটি তথ্যচিত্রকে ঘিরেই মূল বিরোধের সূত্রপাত। ওই অনুষ্ঠানে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সমর্থকদের উদ্দেশে ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের জেরে তখনকার মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেন।
ট্রাম্প দাবি করেন, বিবিসি নিজেদের ভুল স্বীকার করেছে এবং এখন শুধু ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ বাকি। তিনি আরও বলেন, বড় বড় গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করলে তারা শেষ পর্যন্ত অর্থ পরিশোধ করতে বাধ্য হয়।
অন্যদিকে, বিবিসি চলতি মাসে ফ্লোরিডার আদালতে দায়ের করা মামলাটি খারিজের আবেদন করেছে। তাদের দাবি, এই মামলা সাংবাদিকতার স্বাধীনতা ও জনস্বার্থে প্রতিবেদন প্রকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এছাড়া বিবিসি প্রশ্ন তুলেছে, যে অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে সম্প্রচারই হয়নি, তা নিয়ে ফ্লোরিডার আদালতের এখতিয়ার কীভাবে প্রযোজ্য হতে পারে। সূত্র: দ্য টেলিগ্রাফ
ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আইআরজিসির হামলা
নিজ নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র
