ইরান যদি ‘প্রকৃত’ যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণরূপে মেনে না নেয়, তবে দেশটিতে নজিরবিহীন ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তেহরানের ওপর ওয়াশিংটনের দেওয়া শর্তগুলো পুরোপুরি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন বাহিনী তাদের অবস্থান থেকে এক চুলও নড়বে না।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা দেন।
ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, ইরানের চারপাশে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ, অত্যাধুনিক বিমান এবং বিপুল পরিমাণ সমরাস্ত্র নিয়ে মার্কিন সেনারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কোনো কারণে এই চুক্তি লঙ্ঘিত হয়, যদিও এমনটি হওয়ার সম্ভাবনা কম- তবে এমন এক ‘যুদ্ধ’ শুরু হবে যা এযাবতকালের দেখা যেকোনো যুদ্ধের চেয়ে বিশাল, উন্নত এবং শক্তিশালী হবে। বিশ্ব আগে কখনো এমন ধ্বংসলীলা দেখেনি।’
ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান ‘অনেক আগেই’ তাদের পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে এবং বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত ‘হরমুজ প্রণালি’ সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ রাখতে সম্মত হয়েছিল। তিনি একেই ‘প্রকৃত চুক্তি’ হিসেবে অভিহিত করেন। তবে বর্তমানে যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গভীর মতপার্থক্য লক্ষ্য করা যাচ্ছে।
নিজের সামরিক বাহিনীর মনোবল চাঙ্গা করতে ট্রাম্প বলেন, ‘আমাদের মহান সামরিক বাহিনী বর্তমানে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করছে এবং বিশ্রাম নিচ্ছে। তারা পরবর্তী বিজয়ের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। শত্রুপক্ষ ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। আমাদের লক্ষ্য হলো এদের পুরোপুরি নিশ্চিহ্ন করা।’ সূত্র: বিবিসি।
পাকিস্তানকে দিয়ে চুক্তির কাজ সেরেছেন ট্রাম্প
ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না: ট্রাম্প
