ইসরায়েলের সাবেক সেনাপ্রধান জেনারেল হারজি হালেভির একাধিক ব্যক্তিগত ডিভাইস হ্যাক করার দাবি করেছে ইরানি হ্যাকার গ্রুপ হান্দালা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) তারা নিজেদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে জানায়, হালেভির ডিভাইস থেকে ১৯ হাজারের বেশি গোপন ছবি ও ভিডিও সংগ্রহ করতে পেরেছে তারা।
হ্যাকার গ্রুপটির দাবি, এসব ছবি ও ভিডিওতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোপন বৈঠক, ক্রাইসিস রুম এবং কমান্ড সেন্টারের গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাদের ভাষায়, ইসরায়েলের সংবেদনশীল অবকাঠামো দীর্ঘদিন ধরেই তাদের কাছে 'খোলা বইয়ের মতো' ছিল।
ইতোমধ্যে হান্দালা কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যেখানে হালেভিকে সামরিক ঘাঁটিতে পরিদর্শন, বৈঠকে অংশ নেওয়া এবং অফিসে ব্যক্তিগত সময় কাটাতে দেখা গেছে। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন ও পরিবারের কিছু ছবিও ফাঁস করা হয়েছে, যার মধ্যে তার স্ত্রীর সঙ্গে থাকা ছবিও রয়েছে। এছাড়া তার পরিচয়পত্র সংক্রান্ত তথ্যও প্রকাশের দাবি করেছে গ্রুপটি।
হান্দালা এর আগেও ইসরায়েলের একাধিক শীর্ষ ব্যক্তির তথ্য ফাঁসের দাবি করেছিল। তাদের তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সাবেক বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ এবং বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। সূত্র: টাইমস অব ইসরায়েল
চাপের মুখেও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তে অনড় ইরান
যেখানে প্রয়োজন, সেখানেই হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু
