ইরানের ওপর নৌ-অবরোধ বহাল থাকবে: ট্রাম্প

আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মাঝে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা স্থগিত রাখলেও ইরানের ওপর জারি থাকা নৌ-অবরোধ এবং সামরিক প্রস্তুতি আগের মতোই বহাল থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্প জানান, মূলত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবারই আগের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তেহরানকে যুদ্ধ শেষ করার বিষয়ে নতুন প্রস্তাব দেওয়ার আরও সুযোগ করে দিতেই পরিকল্পিত হামলাগুলো সাময়িকভাবে পিছিয়ে দেওয়া হয়েছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘আমি আমাদের সামরিক বাহিনীকে নৌ-অবরোধ অব্যাহত রাখতে এবং অন্য সব দিক থেকে পূর্ণ প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি। ইরান তাদের চূড়ান্ত প্রস্তাব জমা না দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত আমি এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে দেব।’

কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করায় ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের দিক থেকে এই যুদ্ধবিরতি আপাতত অনির্দিষ্টকালের জন্য। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে একটি ‘আকস্মিক অবস্থান পরিবর্তন’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ, এই পোস্ট করার মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি বিরতির মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেছিলেন এবং ইরানের অবকাঠামোয় বড় হামলার হুমকি দিয়েছিলেন।

ট্রাম্পের এই ঘোষণায় ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান তাদের অবস্থান পরে আনুষ্ঠানিকভাবে জানাবে। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আশা প্রকাশ করেন যে, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে দ্বিতীয় দফার আলোচনায় একটি স্থায়ী ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হবে।

হামলা স্থগিত থাকলেও মার্কিন নৌবাহিনীর মাধ্যমে ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করে রাখাকে ‘যুদ্ধকালীন কাজ’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি একে বিদ্যমান যুদ্ধবিরতির লঙ্ঘন দাবি করে বলেন, ‘নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করতে এবং ধমকবাজি প্রতিহত করতে ইরান ভালোভাবেই জানে।’ সূত্র: আল-জাজিরা

FJ
আরও পড়ুন