যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার (১ মে) ক্যাম্পাস সংলগ্ন ক্রিসেন্ট হিলে আয়োজিত শোকসভায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ময়েজ লিমায়েন এ ঘোষণা দেন। তিনি জানান, আগামী সপ্তাহের সমাবর্তন অনুষ্ঠানেও লিমন ও বৃষ্টিকে বিশেষভাবে স্মরণ করা হবে।
শোকসভায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা’র নেতারাও বক্তব্য দেন এবং নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জানা গেছে, জামিল আহমেদ লিমন ইউএসএফে ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে এবং নাহিদা সুলতানা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তারা নিখোঁজ হন।
প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল টাম্পা বে এলাকার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন তার রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়। পরে কাছাকাছি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি দেহাবশেষ নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ হিসেবে শনাক্ত করা হয়।
বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির কনস্যুলেট যৌথভাবে এ কার্যক্রম পরিচালনা করছে।
অন্যদিকে, জামিল আহমেদ লিমনের মরদেহ শনিবার (২ মে) ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে পাঠানো হবে। এটি দুবাই হয়ে আগামী ৪ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড, তদন্তে নতুন মোড়
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডের নেপথ্যে কারণ কী
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যায় গ্রেফতার কে এই হিশাম?