ইরানে স্থলসেনার প্রয়োজন নেই: ট্রাম্প

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৯:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তার সামনে এখন দুটি পথ খোলা রয়েছে, একটি হলো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো, অন্যটি আরও কঠোর সামরিক পদক্ষেপ গ্রহণ করা। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি শান্তিপূর্ণ সমাধানকেই বেশি প্রাধান্য দিতে চান।

নিউইয়র্ক পোস্টের পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বিষয়টি ভালোভাবে সমাধান করতে চাই। আমি চাই এটি শান্তিপূর্ণ উপায়ে হোক।’

তবে একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, অন্য পথটি মোটেও সুখকর নয়। তার ভাষায়, ‘অন্য উপায়টি ভালো নয়।’

ইরানে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে আলোচনার প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই মুহূর্তে সেখানে স্থলসেনা পাঠানোর কোনো প্রয়োজন নেই। তিনি দাবি করেন, ব্যাপক বোমা হামলার মাধ্যমেই ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করা হয়েছে।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ‘এখন সেখানে স্থলসেনার প্রয়োজন নেই। আমরা শুধু বোমা হামলার মাধ্যমেই তাদের সামরিক শক্তির বড় অংশ ধ্বংস করে দিয়েছি। মাত্র তিন দিনের মধ্যে তাদের সামরিক বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছিল।’

তবে তিনি যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যমের সমালোচনাও করেন। বিশেষ করে নিউইয়র্ক টাইমসের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, কিছু প্রতিবেদন দেখে মনে হয় যেন ইরান পরিস্থিতি অত্যন্ত সফলভাবে সামাল দিচ্ছে।

সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যে একদিকে যেমন কূটনৈতিক সমাধানের প্রতি আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে, অন্যদিকে প্রয়োজনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন