যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত একাধিক

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের টুইন ফলস শহরে একটি ইন-অ্যান্ড-আউট বার্গার রেস্তোরাঁয় শনিবার দুপুরে বন্দুক হামলার ঘটনায় একাধিক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।

তিনি বলেন, “আমাদের বিশ্বাস, জনসাধারণের জন্য এখন আর কোনো ঝুঁকি নেই। ঘটনাস্থল ছিল অত্যন্ত বিশৃঙ্খল। নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহতদের স্বজনদের অবহিত করার প্রক্রিয়া চলমান।”

সংবাদ সম্মেলনের আগে টুইন ফলস কাউন্টির কমিশনার ব্রেন্ট রেইঙ্কে জানান, শেরিফ জ্যাক জনসনের কাছ থেকে তিনি জেনেছেন, অন্তত পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ৩৪ বছর বয়সী লেন কোহেন জানান, তিনি ইন-অ্যান্ড-আউটের কাছাকাছি একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি দেখেন, ড্রাইভ-থ্রু এলাকা থেকে একটি এআর-ধাঁচের রাইফেল হাতে এক ব্যক্তি বেরিয়ে আসে। তখন একটি পিস্তলধারী ব্যক্তি হামলাকারীর দিকে গুলি চালান।

কোহেন আরও বলেন, পরে তিনি দেখেন, রেস্তোরাঁর ইউনিফর্ম পরা এক কর্মী বুকে গুলিবিদ্ধ আরেক নারী কর্মীকে টেনে পার্কিং লটে নিয়ে আসছেন। তিনি, ওই কর্মী এবং পিস্তলধারী ব্যক্তি মিলে আহত নারীটির পাশে অবস্থান করেন, যতক্ষণ না জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে পৌঁছান।

তার ভাষায়, “নারীটির অবস্থা খুবই গুরুতর ছিল। তিনি শেষ পর্যন্ত বেঁচে গেছেন কি না, জানি না। আমি শুধু আশা করি তিনি বেঁচে থাকবেন।”

তিনি জানান, পুলিশ তখনও হামলাকে সক্রিয় হিসেবে বিবেচনা করছিল এবং সবাইকে দ্রুত এলাকা ছাড়তে নির্দেশ দেয়। তাঁর মতে, হামলাকারী অন্তত তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। তবে হামলার লক্ষ্য কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিলেন কি না, তা স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা এক ব্যক্তি একটি সাদা গাড়ির কাছে গিয়ে দীর্ঘ আগ্নেয়াস্ত্র হাতে চালকের পাশের দরজা খুলে গাড়ির ডিকি খোলেন। এরপর তিনি ডিকির ভেতরে হাত বাড়ান। ভিডিও ধারণকারী ব্যক্তি তখন দ্রুত সেখান থেকে সরে যান, কারণ তাঁর আশঙ্কা ছিল হামলাকারী আরও অস্ত্র বের করতে পারেন।

টুইন ফলসের বাসিন্দা ৪৩ বছর বয়সী হ্যালি ডোডারো জানান, তিনি মায়ের সঙ্গে দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় গিয়েছিলেন। ড্রাইভ-থ্রু লাইনে অপেক্ষার সময় তারা দেখতে পান মানুষ দৌড়ে পালাচ্ছে এবং কর্মীরা আতঙ্কে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসছেন। প্রথমে তিনি ভেবেছিলেন আগুন লেগেছে। পরে প্রতিফলক জ্যাকেট পরা এক ব্যক্তি জানালে তারা জানতে পারেন সেখানে বন্দুকধারী হামলা চালিয়েছে।

তিনি বলেন, “তখনই বুঝতে পারি গুলির ঘটনা ঘটেছে। মানুষ কাঁদতে কাঁদতে ও চিৎকার করতে করতে দৌড়ে বেরিয়ে আসছিল। পুরো ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ।”

পুলিশ জানায়, ব্যস্ত একটি শপিং এলাকার কাছে এ হামলার সময় সেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। ঘটনার তদন্ত চলছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনাস্থলের কাছের সড়কগুলো বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

Maz
আরও পড়ুন