যুদ্ধের বিরতি ভেঙে ফের যুক্তরাষ্ট্র-ইরান হামলা-পাল্টা হামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের তুলনামূলক যুদ্ধবিরতির অবসান ঘটেছে। দুই দেশ নতুন করে হামলা ও পাল্টা হামলায় জড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যে আবারও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক স্থাপনা ও সক্ষমতা, মাইন পাতা-সংক্রান্ত অবকাঠামো এবং যোগাযোগকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়।

এর জবাবে ইরান জর্ডান ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। ইরানি গণমাধ্যমে বাহরাইনেও হামলার খবর প্রকাশ করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা প্রাথমিক মূল্যায়নে জর্ডানে কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার খবর নিশ্চিত করেননি।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি প্রতিহত করা হয়েছে। বাকি তিনটি প্রত্যন্ত এলাকায় পড়ে। বাহরাইনও জানিয়েছে, ইরানি কয়েকটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ইরানের আইআরজিসি উত্তর ইরাকের এরবিলে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করলেও ইরাক বা যুক্তরাষ্ট্র এ তথ্য নিশ্চিত করেনি।


জুলাইয়ের পর মঙ্গলবারের হামলা-পাল্টা হামলাকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের সংঘাতে উভয় পক্ষই সামরিক ও অর্থনৈতিকভাবে চাপের মুখে রয়েছে। নতুন করে হামলা শুরু হওয়ায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

এমএজেড
আরও পড়ুন