হঠাৎ করেই ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে বলে জানিয়েছেন শিভন জিলিস। টেসলা ও স্পেসএক্স প্রধানের চার সন্তানের মা জিলিস শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বক্তব্যে বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করেন। একই সঙ্গে মাস্কের সঙ্গে তাদের বিচ্ছেদের আগে হওয়া সাম্প্রতিক বার্তা আদান-প্রদানের একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
শুক্রবারের (২ অক্টোবর) পোস্টে জিলিস লেখেন, কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই এক সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কঠিন। তবে কখনো কখনো পরিস্থিতি এমনই হয়। বিচ্ছেদের ঘটনায় কষ্ট পেলেও মাস্কের প্রতি তার গভীর যত্ন রয়েছে বলেও জানান তিনি। মাস্কের সুখ কামনা করে তিনি বলেন, বিশ্ব তার সৌভাগ্যবান যে মাস্ককে পেয়েছে।
জিলিস জানান, মাস্কের জীবনে তিনি ও তাদের সন্তানরা ছিল একটি নিরাপদ আশ্রয়ের মতো। তার ভাষায়, তারা এমন একটি জায়গা ছিল যেখানে মাস্ককে দেখলে সবাই আনন্দিত হতো এবং ভালোবাসা ও সুখে ভরা পরিবেশ তৈরি হতো। তার অন্য জীবনের কঠোরতা, বিতর্ক ও সংঘাতপূর্ণ আবহের বিপরীতে পরিবারটি ছিল শান্তির জায়গা।
মাস্কের সঙ্গে সম্পর্কের ইতি ঘটলেও চার সন্তানকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন জিলিস। ২০২১ সালে তাদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজিউরের জন্ম হয়। ২০২৪ সালে জন্ম নেয় তাদের মেয়ে আর্কেডিয়া। ২০২৫ সালের শুরুর দিকে তাদের চতুর্থ সন্তান ছেলে সেলডনের জন্মের খবর প্রকাশ্যে আসে।
নিজের বক্তব্যে জিলিস মাস্কের জীবনের কঠিন সময়ের কথাও উল্লেখ করেন। তিনি জানান, মাস্ককে গভীরভাবে বোঝা, যত্ন নেওয়া এবং স্থিতিশীলতা ও কোমলতার সঙ্গে ভালোবাসার অনুভূতি দেওয়াই ছিল তার লক্ষ্য।
বিচ্ছেদের আগে তাদের কথোপকথনের একটি অংশও প্রকাশ করেছেন জিলিস। ২৪ সেপ্টেম্বর মাস্ককে পাঠানো এক বার্তায় তিনি জানান, সকালের নাশতায় তার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে এবং তাকে তিনি অনেক ভালোবাসেন। জবাবে মাস্কও তাকে ভালোবাসেন বলে জানান। পরে মাস্ক তাকে জানান, গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে তাকে আমন্ত্রণ জানানো যেত, এ বিষয়টি তিনি আগে বুঝতে পারেননি। জিলিস জবাবে জানান, বিষয়টি তার কাছে অনেক অর্থবহ।
এর কয়েক দিন পর ২৭ সেপ্টেম্বর জিলিস কোনো ব্যাখ্যা ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, নতুন দিন, নতুন জীবন। এরপর ২ অক্টোবর তিনি তাদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে জানান।
মাস্কের প্রতিনিধিরা এ বিষয়ে পিপলের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো জবাব দেননি। জিলিসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সূত্র: পিপল
বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক
মহাকাশে জ্বালানি ডিপো বসাবেন ইলন মাস্ক
১৩তম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক