মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনার জন্য ডেটা সেন্টার গড়ে তোলার পরিকল্পনায় ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সকে সর্বোচ্চ ১০ লাখ স্যাটেলাইট স্থাপনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার (২৫ নভেম্বর) এ অনুমোদনের কথা জানায় সংস্থাটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্টারমাইন্ড’ নামের এই প্রকল্পের আওতায় কক্ষপথে এক মিলিয়ন বা ১০ লাখ অরবিটাল কম্পিউটিং মডিউল স্থাপনের অনুমতি পেয়েছে স্পেসএক্স। এসব স্যাটেলাইটের মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণ করা হবে, যা পৃথিবীতে এআই প্রযুক্তির বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং মহাকাশ ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব এগিয়ে নিতে এই অনুমোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতে, এ উদ্যোগ মহাকাশভিত্তিক কম্পিউটিং অবকাঠামোর নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
অনুমোদনের শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্পেসএক্সকে অন্তত একটি স্যাটেলাইট স্থাপন করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সংখ্যার ১০ শতাংশ বা এক লাখ এবং ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে অন্তত ৫০ শতাংশ বা পাঁচ লাখ স্যাটেলাইট স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নের সময়সীমা ২০৪০ সাল পর্যন্ত।
স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, এসব স্যাটেলাইট সৌরশক্তি ব্যবহার করে পরিচালিত হবে। প্রতিষ্ঠানটির দাবি, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি কাজে লাগানো সম্ভব হওয়ায় প্রচলিত ডেটা সেন্টারের তুলনায় বিদ্যুৎ ও পরিচালন ব্যয় কমানো যেতে পারে। পাশাপাশি পৃথিবীতে বিশাল ডেটা সেন্টার নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি, বিদ্যুৎ ও পানির ওপর চাপও কমতে পারে।
তবে প্রকল্পটি নিয়ে বিজ্ঞানী ও মহাকাশ বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশে বিপুলসংখ্যক কম্পিউটিং স্যাটেলাইট পরিচালনার ক্ষেত্রে তাপ নিয়ন্ত্রণ, নির্মাণ ব্যয়, উৎক্ষেপণ সক্ষমতা এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এত বিপুলসংখ্যক স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হলে সংঘর্ষের ঝুঁকি বাড়বে। এতে তৈরি হতে পারে মহাকাশের বর্জ্য, যা অন্যান্য গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ও মহাকাশযানের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ ছাড়া রকেট উৎক্ষেপণ ও স্যাটেলাইটের বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের ফলে পরিবেশের ওপরও প্রভাব পড়তে পারে।
প্রকল্পটির বিরোধিতা করেছে অ্যামাজনের স্যাটেলাইট বিভাগ লিও, স্যাটেলাইট যোগাযোগ প্রতিষ্ঠান ভিয়াস্যাট এবং আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটিসহ কয়েকটি সংস্থা। তাদের আশঙ্কা, বিপুলসংখ্যক স্যাটেলাইট রাতের আকাশে আলোকদূষণ বাড়াবে এবং জ্যোতির্বিজ্ঞানীদের মহাকাশ পর্যবেক্ষণে বিঘ্ন সৃষ্টি করবে।
এদিকে একসঙ্গে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে মহাকাশে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে। এর আগে স্পেসএক্সের স্টারলিংক প্রকল্পের জন্য ৪২ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমতি চাওয়া হয়েছিল। বর্তমানে ওই নেটওয়ার্কে ১১ হাজারের কিছু বেশি স্যাটেলাইট রয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে স্পেসএক্সের নিজস্ব স্টারশিপ রকেটের ওপরও বড় ধরনের নির্ভরতা থাকবে। পুনর্ব্যবহারযোগ্য এই রকেটের মাধ্যমে কম খরচে বিপুলসংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
সব মিলিয়ে, স্টারমাইন্ড প্রকল্প বাস্তবায়িত হলে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য মহাকাশভিত্তিক কম্পিউটিং অবকাঠামো তৈরির নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। তবে প্রযুক্তিগত সক্ষমতা, বিপুল ব্যয় এবং মহাকাশের পরিবেশগত নিরাপত্তা নিয়ে প্রশ্নের সমাধান না হলে প্রকল্পটির বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে।
সূত্র: রয়টার্স।
ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে ৬২২ মিলিয়ন ডলারের মার্কিন অনুমোদন
বিদেশি কর্মীদের জন্য কানাডার বড় অভিবাসন উদ্যোগ
সিয়েরা লিওনের যুদ্ধাপরাধীদের আইনজীবী এখন হাসিনার ‘আইনি প্রতিনিধি’: বাংলাফ্যাক্ট