ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে মোজতবাকে পুতিনের অভিনন্দন 

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন সূত্রে জানা গেছে, মোজতবা খামেনি ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট।

সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রশংসা করে পুতিন তার বার্তায় উল্লেখ করেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী যে মোজতবা খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠোর পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করার আশ্বাস দেন পুতিন।

এর আগে গতকাল রবিবার (৮ মার্চ) মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এই পদে নির্বাচন করে।

নতুন সুপ্রিম লিডার ঘোষণার পরপরই তাকে অভিনন্দন জানায় ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে।

AHA
আরও পড়ুন