লেবানন যেন দ্বিতীয় গাজা না হয়: গুতেরেস

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম

মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে ‘নিয়ন্ত্রণের বাইরে’ বলে অভিহিত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার (২৫ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় তত বেশি ভয়াবহ রূপ নেবে।

গুতেরেস বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাত সব কল্পনা ও সীমা ছাড়িয়ে গেছে। বিশ্ব এখন একটি বৃহত্তর যুদ্ধ, সীমাহীন মানবিক দুর্ভোগ এবং গভীর বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কার মুখে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি এখন অনেক দূর গড়িয়েছে।’

লেবানন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ প্রধান বলেন, ‘গাজার সেই ধ্বংসলীলা যেন কোনোভাবেই লেবাননে পুনরাবৃত্তি না হয়। আমি হিজবুল্লাহকে ইসরায়েলে হামলা বন্ধ করার এবং ইসরায়েলকে লেবাননে সামরিক অভিযান শেষ করার জোরালো আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও যোগ করেন যে, এই সংঘাতের ফলে সাধারণ মানুষ ও বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

জাতিসংঘ প্রধানের মতে, যুদ্ধের ফলে কেবল প্রাণহানিই ঘটছে না, বরং পুরো বিশ্বের জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। যা বিশ্ববাসীকে একটি অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর আবারও জোর দেন তিনি।

DR/AHA
আরও পড়ুন