যুক্তরাজ্যের রাজধানী লণ্ডন-এ ইহুদি সম্প্রদায়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় সম্ভাব্য অগ্নিসংযোগের পরিকল্পনা নস্যাৎ করেছে পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মেট্রোপলিটান পুলিশ।
পুলিশ জানায়, গত ৪৮ ঘণ্টায় এসব গ্রেপ্তার অভিযান চালানো হয়, যা কথিত অগ্নিসংযোগ ষড়যন্ত্রের একটি সক্রিয় তদন্তের অংশ। তবে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ইহুদি সম্প্রদায়ের একটি ভেন্যুর কথা উল্লেখ করা হলেও নির্দিষ্ট স্থান এখনো শনাক্ত করা যায়নি। গ্রেপ্তার অভিযান চালানো হয় ইংল্যান্ডের হারপেনডেন, স্টিভেনেজ, বার্মিংহামের আশপাশ এবং পশ্চিম লন্ডনের ইলিং এলাকায়।
এর আগে ২৩ মার্চ লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় একটি সিনাগগের বাইরে ইহুদি স্বেচ্ছাসেবী উদ্ধার সংস্থার কয়েকটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত শুরু হয়। সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত অভিযোগে এখন পর্যন্ত আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১৩ জন পুলিশি হেফাজতে বা জামিনে রয়েছে।
সন্ত্রাসবিরোধী পুলিশিংয়ের জ্যেষ্ঠ সমন্বয়কারী ভিকি ইভান্স বলেন, সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের এমন কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। তিনি আরও জানান, এসব ঘটনায় অর্থের বিনিময়ে অপরাধ সংঘটনে ব্যবহৃত ব্যক্তি বা ‘ক্রিমিনাল প্রক্সি’ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে পৃথক এক ঘটনায় উত্তর-পশ্চিম লন্ডনের কেন্টন এলাকায় একটি সিনাগগে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি।
যুক্তরাজ্যে ইহুদিদের প্রধান 'রাব্বি' এফরাইম মারভিস সতর্ক করে বলেছেন, দেশটিতে ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংসতা ও ভয়ভীতির একটি ধারাবাহিক প্রবণতা ক্রমেই জোরদার হচ্ছে। সূত্র: সিএনএন
সাইবার হামলার শিকার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়
পাকিস্তানে সোনার খনিতে সশস্ত্র হামলা: ৯ শ্রমিক নিহত
জাহাজ জব্দ করে হরমুজে উত্তেজনা বাড়াচ্ছে ইরান