কিয়ার স্টারমারের পদত্যাগের কোনো পরিকল্পনা নেই: উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি

আপডেট : ১৮ মে ২০২৬, ০৬:২৪ পিএম

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনই পদত্যাগ করছেন না এবং তার দায়িত্ব ছাড়ার কোনো নির্দিষ্ট সময়সূচিও নেই। সোমবার (১৮ মে) মন্ত্রিসভায় স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী ও যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডেভিড ল্যামি সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে চলা সব ধরনের জল্পনা-কল্পনা এড়িয়ে চলার আহ্বান জানান।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছিল যে, আগামী মাসে মেকারফিল্ড আসনের উপনির্বাচনে যদি গ্রেটার ম্যানচেস্টারের জনপ্রিয় মেয়র অ্যান্ডি বার্নহ্যাম জয়ী হন, তবে স্টারমার পদত্যাগে রাজি হতে পারেন। তবে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যামি এই গুঞ্জন সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই- কিয়ার স্টারমার আমার দেখা সবচেয়ে ধৈর্যশীল ও লড়াকু একজন মানুষ। গতকালও তাঁর সঙ্গে আমার দুবার কথা হয়েছে। তাঁর দায়িত্ব ছাড়ার কোনো সময়সূচি বা পরিকল্পনা নেই।’

এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য হলো দেশের কার্যক্রম এগিয়ে নেওয়া। তিনি স্পষ্ট করে বলেন, ‘এই মুহূর্তে লেবার পার্টির ভেতরে নেতৃত্বের কোনো প্রতিযোগিতা নেই। জনগণের জন্য কাজ করার ব্যাপারে স্টারমার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’

মেকারফিল্ড আসনের লেবার পার্টির এমপি জশ সাইমনস সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেওয়ায় সেখানে উপনির্বাচন হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, অ্যান্ডি বার্নহ্যামকে পার্লামেন্টে ফিরিয়ে আনার লক্ষ্যেই সাইমনস পদত্যাগ করেছেন। বার্নহ্যাম যদি এই উপনির্বাচনে জয়ী হন, তবে তিনি লেবার পার্টির ভবিষ্যৎ নেতৃত্বের দৌড়ে স্টারমারের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন। এই উপনির্বাচনে ডানপন্থী দল ‘রিফর্ম ইউকে’ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

FJ
আরও পড়ুন