দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ এএম

দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠার পর নিজ পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। দেশটির রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়ে মঙ্গলবার তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত জানান।

রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা মনতসামের প্রতিবেদন অনুযায়ী, খুরেলসুক ও তার দলীয় শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং স্বজনপ্রীতির অভিযোগ তোলে বিরোধী দল।

ক্ষমতাসীন মঙ্গোলিয়ান পিপলস পার্টির বিরুদ্ধে এই অভিযোগ এনে ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে। সত্যতা যাচাইয়ের স্বার্থেই বিরোধী দলের এই দাবির সঙ্গে একমত পোষণ করেন খুরেলসুক।

তিনি জানান, নিজের সম্মান পুনঃপ্রতিষ্ঠা করতে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতেই তিনি এই দায়িত্ব হস্তান্তর করছেন। তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগগুলোকে তিনি মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

তবে স্বচ্ছ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট তদন্তকারীদের পূর্ণ সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন এই রাষ্ট্রপ্রধান। ২০২১ সালে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি।

আইন অনুযায়ী, প্রেসিডেন্টের এই পদত্যাগ কার্যকর হতে দেশটির ১২৬ সদস্যবিশিষ্ট এককক্ষ বিশিষ্ট সংসদ ‘স্টেট গ্রেট খুরাল’-এর আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে।

সূত্র: রয়টার্স 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত