রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (০৭ অক্টোবর) এক টেলিফোন আলাপে পুতিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তেহরান ও মস্কোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তিনি।
ফোনালাপে পেজেশকিয়ান রাশিয়ার সরকার ও জনগণের সাফল্য, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় তেহরান ও মস্কোর সম্পর্কের ইতিবাচক ও ক্রমবর্ধমান ধারার কথা উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা এবং আরও শক্তিশালী করা প্রয়োজন। তাঁর মতে, সহযোগিতার এই ধারাবাহিকতা দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে।
পেজেশকিয়ানের শুভেচ্ছা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পুতিন ইরানের সরকার ও জনগণের শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও সাফল্য কামনা করেন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তির কাঠামোর মধ্যে তেহরান ও মস্কোর সহযোগিতা অব্যাহত রয়েছে। আঞ্চলিক বিভিন্ন ঘটনা ও চলমান পরিস্থিতির মধ্যেও দুই দেশের সহযোগিতার ধারায় কোনো ছেদ পড়েনি বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের জনগণ শত্রুর আগ্রাসনের মুখে ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ দৃঢ়তা দেখিয়েছে বলেও মন্তব্য করেন পুতিন। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের এই সাহসিকতা বিশ্বের অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করেছে।
পুতিন আরও বলেন, উত্তেজনা কমাতে এবং পরিস্থিতির অবনতি ঠেকাতে কয়েকটি দেশ মধ্যস্থতা ও কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। রাশিয়া এসব উদ্যোগকে সমর্থন করে। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে মস্কোও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
তেহরান ও মস্কোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্ব তুলে ধরে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা হোসেইনি খামেনিকে উষ্ণ শুভেচ্ছা ও শুভকামনা জানান।
ফোনালাপের শেষে পেজেশকিয়ান ও পুতিন দুই দেশের দ্বিপক্ষীয় ও কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখা এবং তা আরও জোরদার করার ওপর আবারও গুরুত্বারোপ করেন। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
শত্রু হুমকি দিলেই ইরান আগাম অভিযান চালাবে: আকরামিনিয়া
বাস্তুচ্যুতদের জন্য হিজবুল্লাহকে ইরানের ২০০ মিলিয়ন ডলার সহায়তা
যুদ্ধকে ন্যায্যতা দিতে ইরানের বিরুদ্ধে সাজানো হামলার আশঙ্কা