এবার ভারত মহাসাগরের ব্রিটিশ-মার্কিন ঘাঁটিতে হামলা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৯:৪৮ এএম

ভারত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি ‘দিয়াগো গার্সিয়া’ লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আলজাজিরা এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান থেকে অন্তত দুটি মধ্যমপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়াগো গার্সিয়ার যৌথ ঘাঁটির উদ্দেশ্যে ছোড়া হয়। তবে একটি ক্ষেপণাস্ত্র মাঝআকাশে যান্ত্রিক ত্রুটির কারণে লক্ষ্যভ্রষ্ট হয়ে সাগরে আছড়ে পড়ে। অন্য ক্ষেপণাস্ত্রটি ঘাঁটির কাছাকাছি পৌঁছানোর আগেই মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ‘ইন্টারসেপ্টর’ বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়।

সামরিক বিশ্লেষকদের মতে, এই হামলাটি ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির এক বিশাল অগ্রগতির জানান দিচ্ছে। ইরান থেকে দিয়াগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৪ হাজার কিলোমিটার। এত দূরবর্তী কোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা আগে কখনও ইরান প্রদর্শন করেনি। এর মাধ্যমে তেহরান বুঝিয়ে দিল যে, তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আগের ধারণার চেয়ে অনেক বেশি এবং তারা এখন ভারত মহাসাগরের গহীনে থাকা লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম।

এই চাঞ্চল্যকর ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউস, ওয়াশিংটনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস এবং লন্ডনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে একটি অত্যন্ত গোপনীয় ও সুরক্ষিত ঘাঁটিতে এমন হামলা পেন্টাগনকে নতুন করে ভাবিয়ে তুলেছে।

উল্লেখ্য, দিয়াগো গার্সিয়া দ্বীপটি বিষুবরেখার ঠিক দক্ষিণে অবস্থিত, যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অন্যতম প্রধান সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই হামলার ফলে ভারত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

NB/AHA
আরও পড়ুন