ওসমান হাদি হত্যাকাণ্ড

ফিলিপের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ কলকাতা আদালতের 

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামিদের ভারতে পালাতে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। শনিবার (২১ মার্চ) কলকাতার বিধাননগর আদালত এই আদেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩ এপ্রিল পর্যন্ত ফিলিপ সাংমা জেল হেফাজতে থাকবেন। এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাকে প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে পারবে। আজ তাকে বিধাননগর মহকুমা আদালত থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ফিলিপ সাংমার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওসমান হাদি হত্যার মূল হোতা ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে তাদের মেঘালয়ে নিয়ে যান ফিলিপ।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১৩ মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর থেকে ফিলিপকে গ্রেপ্তার করে এসটিএফ। এর আগে ওসমান হাদির খুনি ফয়সাল ও আলমগীরকে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা মেঘালয় হয়ে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল।

২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনে মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত