পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে আট সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে। উত্তর ওয়াজিরিস্তান জেলার পাক-আফগান সীমান্ত এলাকায় তাদের গতিবিধি শনাক্ত করার পর এই অভিযান চালানো হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস এক বিবৃতিতে জানায়, বুধবার (১ এপ্রিল) একটি সশস্ত্র গোষ্ঠীর চলাচলের তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।
বিবৃতিতে বলা হয়, 'নিখুঁত ও দক্ষ অভিযানে ভারত-সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর আট সদস্যকে নির্মূল করা হয়েছে।' এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়।
রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলতে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান এর সদস্যদের বোঝানো হয়।
এদিকে, অভিযানের পরও এলাকায় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সীমান্তপারের যেকোনো অবশিষ্ট সশস্ত্র সদস্যকে খুঁজে বের করে নির্মূল করার লক্ষ্যেই এই অভিযান অব্যাহত রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা আবারও প্রমাণ করে যে সীমান্ত ব্যবস্থাপনায় আফগান তালেবান প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে। পাকিস্তানের দাবি, আফগান ভূখণ্ড যেন কোনোভাবেই সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করতে হবে।
সেনাবাহিনী জোর দিয়ে বলেছে, দেশের সীমান্ত রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ‘আজমে ইস্তেহকাম’ অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদার রেখেছে। সূত্র: দ্য ডন
লেবাননের রকেট হামলায় কাঁপলো উত্তর ইসরায়েল
নেতানিয়াহুর ছেলেকে ইরান যুদ্ধে পাঠানোর দাবি
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড আইনের প্রতিবাদে উত্তাল সিরিয়া
